বিশেষ প্রতিনিধি-সুবীর
বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে। সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের প্রস্তুত না করলে বাংলাদেশ পিছিয়ে পড়বে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দেশের তরুণদের মেধা, গবেষণা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে যেতে হবে।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে নিজেদের খাপ খাওয়াতে হবে। নয়তো বিশ্ব আমাদের অনেক আগে চলে যাবে, আমরা পেছনে পড়ে থাকব। আমাদের ছেলেমেয়েদের অনেক মেধা আছে। আমাদের অনেক ভালো গবেষকও আছেন।’
গবেষণার পাশাপাশি উদ্ভাবনের ওপরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে অর্থমন্ত্রী বলেন, সরকার এবার গবেষণাকে অধিক গুরুত্ব দিয়েছে। এখন উদ্ভাবন নিয়ে আরও বেশি চিন্তা করতে হবে।
তিনি বলেন, ‘আমাদের উদ্ভাবনী শক্তি যাদের আছে, তাদের খুঁজে বের করতে হবে।’
চট্টগ্রাম হবে বাংলাদেশের ‘লজিস্টিক হাব’
চট্টগ্রামের সম্ভাবনার কথা তুলে ধরে আমির খসরু বলেন, দেশের অর্থনীতি ও বাণিজ্যে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভবিষ্যতে চট্টগ্রাম বাংলাদেশের ‘লজিস্টিক হাব’ হিসেবে গড়ে উঠতে পারে। এ ক্ষেত্রে চুয়েট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ তৈরির পাশাপাশি গবেষণা ও উদ্ভাবনে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান অর্থমন্ত্রী।
নানা আয়োজনে চুয়েটের প্রতিষ্ঠাবার্ষিকী
এদিকে নানা আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়।
সকালে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এরপর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর, চুয়েটের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম এবং ইউনিভার্সিটি টেকনোলজি পেট্রোনাস (ইউটিপি) মালয়েশিয়ার পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান আইআর মোহাম্মদ আজুয়ান বিন মাওনসারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনে বাংলাদেশকে এগিয়ে নিতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা আরও জোরদার করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন বক্তারা।





