নিজস্ব প্রতিবেদক- বাংলা টুডে
সেপ্টেম্বর মাসের জন্য রান্নায় ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার সন্ধ্যা ৬টা থেকে নতুন এ দাম কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ দর বহাল থাকবে বলে বিইআরসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সেপ্টেম্বর মাসে বেসরকারি এলপিজির খুচরা মূল্য মূসকসহ প্রতি কেজি ১৩২ টাকা ১২ পয়সা নির্ধারণ করা হয়েছে। গত আগস্টে এ দাম ছিল ১৩৩ টাকা ১৫ পয়সা। অর্থাৎ প্রতি কেজি এলপিজির দাম কমেছে ১ টাকা ৩ পয়সা।
বিইআরসির নির্ধারিত নতুন দরে ৫ দশমিক ৫ কেজির সিলিন্ডারের দাম ৭২৭ টাকা, ১২ দশমিক ৫ কেজির ১ হাজার ৬৫২ টাকা, ১৫ কেজির ১ হাজার ৯৮২ টাকা এবং ১৬ কেজির ২ হাজার ১১৪ টাকা করা হয়েছে।
এ ছাড়া ১৮ কেজির সিলিন্ডার ২ হাজার ৩৭৮ টাকা, ২০ কেজি ২ হাজার ৬৪২ টাকা, ২২ কেজি ২ হাজার ৯০৭ টাকা, ২৫ কেজি ৩ হাজার ৩০০ টাকা এবং ৩০ কেজির সিলিন্ডার ৩ হাজার ৯৬৪ টাকায় পাওয়া যাবে।
৩৩ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৩৬০ টাকা, ৩৫ কেজি ৪ হাজার ৬২৪ টাকা এবং ৪৫ কেজি ৫ হাজার ৯৪৫ টাকা।
কমেছে অটোগ্যাসের দামও
যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমিয়েছে বিইআরসি। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৫৮ পয়সা কমিয়ে ৭৩ টাকা ৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। গত আগস্টে এ দাম ছিল ৭৩ টাকা ৬৭ পয়সা।
রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির মূসকসহ দাম প্রতি কেজি ১২৮ টাকা ৩৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। একই পদ্ধতিতে গ্যাসীয় অবস্থায় সরবরাহ করা এলপিজির দাম প্রতি লিটার শূন্য দশমিক ২৮ টাকা বা প্রতি ঘনমিটার ২৮৫ টাকা ৩০ পয়সা করা হয়েছে।
নতুন দামে বিক্রী হচ্ছে এলপি গ্যাস
সৌদি সিপি অনুযায়ী মূল্য সমন্বয়
বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকোর সেপ্টেম্বর মাসের প্রোপেন ও বিউটেনের সৌদি কনট্রাক্ট প্রাইস (সৌদি সিপি) অনুযায়ী এলপিজির দাম সমন্বয় করা হয়েছে।
সেপ্টেম্বরে প্রোপেনের সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৬২৫ ডলার এবং বিউটেনের ৬৬০ ডলার নির্ধারিত হয়েছে। প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ ধরে গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৬৪৭ দশমিক ৭৫ ডলার বিবেচনায় নেওয়া হয়েছে।
আগস্টে প্রোপেনের সৌদি সিপি ছিল ৬২০ ডলার এবং বিউটেনের ৬৪০ ডলার। সে সময় গড় সৌদি সিপি ধরা হয়েছিল ৬৩৩ ডলার। অর্থাৎ সেপ্টেম্বরে গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টনে ১৪ দশমিক ৭৫ ডলার বেড়েছে।
তবে মূল্য সমন্বয়ের সময় এলপিজি আমদানিতে জাহাজভাড়া ও ব্যবসায়ীর প্রিমিয়াম প্রতি মেট্রিক টন ১৬০ ডলার এবং প্রতি ডলারের গড় বিনিময় মূল্য ১২৩ টাকা ৩০ পয়সা বিবেচনায় নিয়েছে কমিশন। আগস্টে জাহাজভাড়া ও ব্যবসায়ীর প্রিমিয়াম ছিল ১৮০ ডলার এবং ডলারের গড় বিনিময় মূল্য ধরা হয়েছিল ১২৩ টাকা ৬৯ পয়সা।
সরকারি এলপিজির দাম অপরিবর্তিত
এদিকে সরকারি এলপিজির দাম এবারও অপরিবর্তিত রাখা হয়েছে। ১২ দশমিক ৫ কেজির সরকারি এলপিজি সিলিন্ডারের ভোক্তা পর্যায়ের দাম ৭৭৬ টাকা ৯৩ পয়সাই বহাল থাকবে।
এর আগে আগস্ট মাসের জন্য ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। তার আগে জুলাইয়ে এক ধাক্কায় ৩৫৭ টাকা কমিয়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৫২৮ টাকা করা হয়েছিল।
এলপি গ্যাসের দাম কমল
জুনে ১২ কেজির এলপিজির দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। এর আগে ১৯ এপ্রিল ২১২ টাকা বাড়িয়ে দাম ১ হাজার ৯৪০ টাকা করা হয়। তারও আগে ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৭২৮ টাকা।
অর্থাৎ এপ্রিল মাসে দুই দফায় ১২ কেজির এলপিজির দাম মোট ৫৯৯ টাকা বেড়েছিল। এরপর জুন ও জুলাইয়ে দুই দফায় মোট ৪১২ টাকা কমে। আগস্টে আবার ৭০ টাকা বাড়ার পর সেপ্টেম্বরে কমল ১৩ টাকা।
নির্ধারিত দামের বেশি নেওয়া যাবে না
বিইআরসি জানিয়েছে, এলপিজি মজুদ ও বোতলজাতকরণ, পরিবেশক এবং খুচরা বিক্রেতাসহ কোনো পর্যায়েই কমিশন নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বোতলজাত এলপিজি, রেটিকুলেটেড এলপিজি বা অটোগ্যাস বিক্রি করা যাবে না।
নির্ধারিত দরের বেশি দাম নেওয়া হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছে কমিশন।




