ডেস্ক নিউজ- বাংলা টুডে
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিদ্যালয়ের শৌচাগারে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আব্দুল মোতালেব নামে এক সহকারী শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার রামখানা ইউনিয়নের দক্ষিণ রামখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে নাগেশ্বরী থানায় মামলা করেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামূল হক প্রধান।
গ্রেপ্তার আব্দুল মোতালেব দক্ষিণ রামখানা ভূঁইয়াটারী এলাকার বাসিন্দা এবং দক্ষিণ রামখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার বিদ্যালয়ে টিফিনের সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে শৌচাগারে যায় পঞ্চম শ্রেণির ওই ছাত্রী। এ সময় সেখানে তাকে একা পেয়ে শিক্ষক আব্দুল মোতালেব ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।
একপর্যায়ে শিক্ষক ও ছাত্রীর মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় ওই ছাত্রী দৌড়ে শৌচাগার থেকে বের হয়ে আসে এবং পরে বিষয়টি বিদ্যালয়ের এক শিক্ষিকাকে জানায়।
ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পুলিশ জানায়, একপর্যায়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় এবং স্থানীয় নেতাদের মাধ্যমে মধ্যরাত পর্যন্ত দেন-দরবার চলে। এ সময় সংবাদকর্মীদের তথ্য সংগ্রহেও বাধা দেওয়ার অভিযোগ ওঠে।
খবর পেয়ে পুলিশ মধ্যরাতে বিদ্যালয়ের ওই শিক্ষককে আটক করে এবং ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নাগেশ্বরী থানার ওসি এনামূল হক প্রধান বলেন, মঙ্গলবার দুপুরে ছাত্রীর বাবার করা মামলার পর আব্দুল মোতালেবকে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ওসি আরও জানান, ভুক্তভোগী ছাত্রীকে থানা হেফাজত থেকে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের মতো নিরাপদ পরিবেশে একজন শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় স্থানীয় অভিভাবকদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।





