ডেস্ক নিউজ- বাংলা টুডে
বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক টিপু হাওলাদারকে ঢাকার কেরানীগঞ্জের ঘাটারচর থেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার পর ‘ক্রসফায়ারে’ হত্যার অভিযোগের বর্ণনা দিয়েছেন মামলার সাক্ষী মোছা. সেলিনা বেগম।
বরিশালে ছাত্রদল ও জাসাসের দুই নেতাকে ‘ক্রসফায়ারে’ হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ মঙ্গলবার সাক্ষ্য দেন সেলিনা বেগম। তিনি নিহত টিপু হাওলাদারের শ্বশুরবাড়ির আত্মীয়।
সাক্ষ্য দেওয়ার সময় সেলিনা বেগম বলেন, ২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি টিপু তাঁর কেরানীগঞ্জের ঘাটারচরের বাসায় আসেন। ১৯ ফেব্রুয়ারি রাতে কয়েকজন ব্যক্তি তাঁর বাসায় আসেন এবং নিজেদের ডিবি পুলিশ হিসেবে পরিচয় দেন। তাঁদের মধ্যে কয়েকজন বরিশাল থেকে এসেছেন এবং তাঁদের সঙ্গে ঢাকার কিছু লোক রয়েছেন বলে তাঁকে জানানো হয়।
সেলিনা বেগমের ভাষ্য, ওই ব্যক্তিরা ঘুমন্ত টিপু হাওলাদারকে ঘুম থেকে তুলে নিয়ে যান। এ সময় তিনি চিৎকার করলে পাশের বাসার নাহার বেগম এগিয়ে আসেন। পরে তাঁরা দুজন টিপুকে যে জায়গায় গাড়িতে তোলা হয়, সেখানে পর্যন্ত যান।
সেলিনা বেগম জানান, ঘটনার পরপরই তিনি তাঁর ভাগনিকে ফোন করে বিষয়টি জানান। এর দুই দিন পর, ২১ ফেব্রুয়ারি সকালে টেলিভিশনের খবরে তিনি জানতে পারেন, টিপু হাওলাদার ও আগৈলঝাড়া উপজেলা জাসাসের তৎকালীন সাংগঠনিক সম্পাদক কবির মোল্লা ‘ক্রসফায়ারে’ নিহত হয়েছেন।
সাক্ষ্যে তিনি আরও বলেন, তাঁর ভাগনির কাছে তিনি শুনেছেন, অন্য থানার দুই পুলিশ সদস্য টিপু হাওলাদারকে ‘ক্রসফায়ারে’ হত্যা করেছেন।
মামলার নথি অনুযায়ী, ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি টিপু হাওলাদার ও কবির মোল্লাকে ‘ক্রসফায়ারে’ হত্যা করা হয়। টিপু বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১১ সালে সেলিনা বেগমের ভাগনির সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের দুই সন্তান রয়েছে।
এই মামলায় মোট চারজন আসামি রয়েছেন। তাঁদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ এবং বরিশালের সাবেক পুলিশ সুপার (এসপি) এ কে এম এহসানউল্লাহ পলাতক। অপর দুই আসামি বরিশালের উজিরপুর থানার সাবেক এএসআই মো. মাহাবুল ইসলাম ও মো. জসিম উদ্দিন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।
মামলাটিতে টিপু হাওলাদার ও কবির মোল্লাকে ‘ক্রসফায়ারে’ হত্যার ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে অভিযোগ করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এরই ধারাবাহিকতায় সাক্ষ্যগ্রহণ চলছে।





