বিশেষ প্রতিনিধি: বাংলা টুডে
দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করতে ভারতকে তাগিদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ তার অবস্থান স্পষ্ট করেছে এবং এ বিষয়ে ভারত ইতিবাচকভাবে সাড়া দেবে বলে আশা করছে ঢাকা।
সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।
খলিলুর রহমান বলেন, ‘আজকের আলোচনায় শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি উঠে এসেছে। আমরা তাদের বলেছি, এই প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য। আমরা আশাবাদী, ভারত এ ব্যাপারে ইতিবাচকভাবে সাড়া দেবে।’
এ ছাড়া ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের প্রত্যর্পণের বিষয়েও ভারতের কাছে আহ্বান জানানো হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এ বিষয়ে ভারত যেসব কাগজপত্র চেয়েছিল, সেগুলো বাংলাদেশ থেকে সরবরাহ করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়, বিমসটেকের চেয়ারপারসন হিসেবে তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে ভারত। তবে ভারতে প্রধানমন্ত্রীর সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
গত ৫ আগস্ট দিল্লিতে এক সংবাদ সম্মেলন করেন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা। এ ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে কড়া প্রতিবাদ জানানো হয়।
এ বিষয়ে সোমবারের বৈঠকে কোনো আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, ‘দণ্ডপ্রাপ্ত আসামির ব্যাপারে আমাদের যে অবস্থান, আমরা তা স্পষ্টভাবে বলে দিয়েছি। সেটা গুরুত্বের সঙ্গে অনুধাবন করেছে ভারত কর্তৃপক্ষ।’
দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে প্রয়োজনীয় পরিবেশ তৈরির ওপর বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।





