বিমানের বহরে এবার বোয়িংয়ের সঙ্গে এয়ারবাস

ডেস্ক রিপোর্ট-বাংলা টুডে

১০ উড়োজাহাজ কিনতে বুধবার চুক্তি, বোয়িংয়ের ২৫টির পর বহরে যুক্ত হবে আরও ১০টি

বহর সম্প্রসারণে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। মার্কিন নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তির পর এবার ইউরোপীয় নির্মাতা এয়ারবাসের কাছ থেকেও ১০টি উড়োজাহাজ কিনছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। এ নিয়ে দুই নির্মাতার কাছ থেকে মোট ৩৫টি নতুন উড়োজাহাজ যুক্ত হওয়ার পথে।

এয়ারবাসের সঙ্গে এ বিষয়ে চুক্তি সই হবে আগামীকাল বুধবার (৭ অক্টোবর)। রাজধানীর একটি হোটেলে ‘স্প্রেডিং আওয়ার উইংস টুগেদার’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও এয়ারবাসের মধ্যে চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

তবে ১০টি উড়োজাহাজ কিনতে মোট কত অর্থ ব্যয় হবে, তা এখনো প্রকাশ করেনি বিমান বা এয়ারবাস।

প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, চারটি এ৩৫০-৯০০ এবং ছয়টি এ৩২১নিও উড়োজাহাজ কিনবে বিমান। এর মধ্যে এ৩৫০-৯০০ হবে প্রশস্ত কাঠামোর দীর্ঘপাল্লার উড়োজাহাজ। এগুলো আন্তর্জাতিক দূরপাল্লার রুটে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। আর সরু কাঠামোর এ৩২১নিও ব্যবহৃত হবে আঞ্চলিক ও মাঝারি দূরত্বের রুটে।

২০৩৩ থেকে আসবে এয়ারবাস

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, এয়ারবাসের উড়োজাহাজ সরবরাহ শুরু হতে পারে ২০৩৩ সালে। পর্যায়ক্রমে ২০৩৬ বা ২০৩৭ সাল পর্যন্ত এসব উড়োজাহাজ বিমানের বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে।

এর আগে চলতি বছর দুই দফায় বোয়িংয়ের সঙ্গে মোট ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বিমান।

গত ৩০ এপ্রিল প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন ডলারে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়। এর মধ্যে আটটি ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ এবং চারটি ৭৩৭-৮।

এরপর গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি সই হয়। এসবের মধ্যে রয়েছে পাঁচটি ৭৮৭-১০ এবং ছয়টি ৭৩৭-৮ ম্যাক্স।

বোয়িংয়ের উড়োজাহাজ সরবরাহ শুরু হতে পারে ২০৩১ সালে। সবগুলো উড়োজাহাজ পেতে সময় লাগতে পারে ১১ থেকে ১২ বছর।

৩৫ নতুন উড়োজাহাজে বদলে যাবে বহর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বর্তমান বহরে রয়েছে ১৯টি উড়োজাহাজ। এর মধ্যে ১৪টি বোয়িং এবং পাঁচটি ড্যাশ-৮।

বিমান সূত্রে জানা গেছে, বহরের দুটি উড়োজাহাজ প্রায় অচল অবস্থায় রয়েছে। অন্য ১৭টিও আগামী কয়েক বছরের মধ্যে বহর থেকে বাদ পড়ার কথা রয়েছে। ফলে নতুন উড়োজাহাজ যুক্ত না হলে ভবিষ্যতে বহর পরিচালনায় বড় ধরনের চাপ তৈরি হতে পারে।

এই পরিস্থিতিতে তাৎক্ষণিক চাহিদা মেটাতে আরও ১০টি উড়োজাহাজ লিজ নেওয়ার চেষ্টা করছে বিমান। একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও এখনো কোনো উড়োজাহাজ লিজ নিতে পারেনি সংস্থাটি।

তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা অনুযায়ী এয়ারবাসের ১০টি এবং বোয়িংয়ের চুক্তিবদ্ধ ২৫টি উড়োজাহাজ বহরে যুক্ত হলে নতুন উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ৩৫। বর্তমান ১৯টি উড়োজাহাজ হিসাব করলে ভবিষ্যতে বিমানের বহরে উড়োজাহাজের সংখ্যা ৫০ ছাড়াতে পারে।

বিমানের তথ্য অনুযায়ী, নতুন ৩৫টি উড়োজাহাজের মধ্যে ১৯টি হবে প্রশস্ত কাঠামোর এবং ১৬টি সরু কাঠামোর।

প্রথমবার দুই নির্মাতার উড়োজাহাজ

বর্তমানে বিমানের বহরের বড় অংশই বোয়িংয়ের তৈরি। এবার এয়ারবাসের উড়োজাহাজ যুক্ত হলে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও ইউরোপের দুই শীর্ষ নির্মাতার উড়োজাহাজ নিয়ে বহর পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

নতুন বহরের মাধ্যমে একদিকে দীর্ঘপাল্লার আন্তর্জাতিক রুটে সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হবে, অন্যদিকে আঞ্চলিক ও মাঝারি দূরত্বের রুটেও বহর সম্প্রসারণ করা সম্ভব হবে।

তবে নতুন উড়োজাহাজ আসার সময়সীমা দীর্ঘ হওয়ায় আপাতত বিমানের বহরের তাৎক্ষণিক সংকট কাটাতে লিজের মাধ্যমে উড়োজাহাজ সংগ্রহের উদ্যোগ কতটা সফল হয়, সেটিই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

শেয়ার করুন :

Check Also

প্রাথমিকের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডের বেতন নির্ধারণ হবে আইবাস++-এ

ডেস্ক রিপোর্ট- বাংলা টুডে জিও জারির আগের বকেয়া পাবেন না, প্রায় ১০ মাস পর মিলল …