ডেস্ক রিপোর্ট-বাংলা টুডে
প্রকাশ্যে হামলার পর পালাল যুবক, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু
গাজীপুরের কোনাবাড়ীতে ভাড়া বাসা থেকে ডেকে বাইরে এনে এক তরুণীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে নগরের আমবাগ এলাকায় এ ঘটনা ঘটে। হামলার পর দ্রুত পালিয়ে যান এক যুবক।
নিহত তরুণীর নাম সানজিদা আক্তার (২৩)। তিনি বরিশালের কোতোয়ালি থানা এলাকার শাজাহান হাওলাদারের মেয়ে। গাজীপুরের আমবাগ আতাউর মার্কেট এলাকায় একটি ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন তিনি।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল ১০টার দিকে এক যুবক সানজিদার ভাড়া বাসায় আসেন। পরে তাঁকে কক্ষ থেকে ডেকে বাইরে নিয়ে যান। বাসা থেকে বের হওয়ার পরপরই ওই যুবক সানজিদার বুকে ছুরি দিয়ে আঘাত করেন। আচমকা হামলায় সানজিদা মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় সানজিদাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে কোনাবাড়ী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সানজিদার লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন বলেন, কী কারণে সানজিদাকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকারীকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ ও হামলাকারীর পরিচয় জানতে ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
BANGLA TODAY আজকের বাংলা