বিশেষ প্রতিনিধি- বাংলা টু ডে
প্রধানমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গরের মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এর আগে বৃহস্পতিবার (৩০ জুলাই) তিন দিনের সফরে ঢাকায় আসেন সার্জিও গর। বাংলাদেশ সফর এটি তার প্রথম।
সফরের প্রথম দিন তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। ওই বৈঠকের পর বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা (ট্রাভেল অ্যাডভাইজরি) হালনাগাদ করা হয়। এতে বাংলাদেশের ভ্রমণ সতর্কতার স্তর লেভেল-৩ (ভ্রমণ পুনর্বিবেচনা) থেকে লেভেল-২ (অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে ভ্রমণ)-এ নামিয়ে আনা হয়।
সফরের দ্বিতীয় দিন শুক্রবার সার্জিও গরের নেতৃত্বে আট সদস্যের একটি মার্কিন প্রতিনিধিদল কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করে। প্রতিনিধিদল ক্যাম্প-৮ ওয়েস্ট, ক্যাম্প-৬ এবং ক্যাম্প-৪-এর বিভিন্ন স্থাপনা ও কার্যক্রম ঘুরে দেখে।
এ সময় প্রতিনিধিদলের সামনে নিজ দেশে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি জানিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন রোহিঙ্গারা। প্রতিনিধিদল শিবিরে চলমান মানবিক কার্যক্রম সম্পর্কেও খোঁজখবর নেয়।
BANGLA TODAY আজকের বাংলা