১৭ অক্টোবর শনিবার অফিস খোলা, ৭ নভেম্বরও থাকছে সাধারণ ছুটি
বিশেষ প্রতিনিধি- বাংলা টুডে
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটি থাকবে। এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন সরকারি ছুটি ভোগ করবেন কর্মজীবীরা।
গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এর আগে সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়।
সরকারের আগের ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত ছিল। এর সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবার আরও এক দিনের ছুটি যুক্ত হওয়ায় দুর্গাপূজায় এবার দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হয়েছে।
তবে এই ছুটি শুরুর আগে ১৭ অক্টোবর শনিবার অফিস খোলা থাকবে। অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিন হলেও ওই দিন সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসের কার্যক্রম চালু থাকবে।
যেসব সেবা ছুটির বাইরে
সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্গাপূজার ছুটির সময়ে জরুরি ও অত্যাবশ্যকীয় সেবাগুলো চালু থাকবে। এর মধ্যে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন ও ইন্টারনেট এবং ডাকসেবা রয়েছে।
এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরাও ছুটির আওতার বাইরে থাকবেন।
এ ছাড়া হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা, চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মী, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহন ও কর্মী এবং জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলোর কার্যক্রমও যথারীতি চালু থাকবে।
ব্যাংকিং কার্যক্রমের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা বাংলাদেশ ব্যাংক এবং আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
৭ নভেম্বরও সাধারণ ছুটি
এদিকে একই দিনে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার এ প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, Allocation of Business Among The Different Ministries and Divisions (Schedule I of the Rules of Business, 1996)-এর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশের ৩৭ নম্বর ক্রমিকের ক্ষমতাবলে প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
BANGLA TODAY আজকের বাংলা