বিশেষ প্রতিনিধি- সুবীর
চাঁদাবাজির মামলায় চট্টগ্রামের কথিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১২ আগস্ট) চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
চট্টগ্রাম জেলা আদালতের কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, হাটহাজারী থানায় দায়ের করা চাঁদাবাজির মামলায় ডেভিড ইমনের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ডেভিড ইমন (২৫) ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মৃত মো. মুসার ছেলে।
এর আগে গত ২ আগস্ট চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোতাসিম বিল্লাহর আদালত একটি মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
যশোর থেকে গ্রেপ্তার
পুলিশ জানায়, গত ২৯ জুলাই যশোরের কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশের ভাষ্য, গত ১৩ জুন পাহাড়তলী এলাকায় সংঘটিত মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার তদন্তে পাওয়া তথ্য এবং ধারাবাহিক গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে ডেভিড ইমনের অবস্থান শনাক্ত করা হয়। পরে যশোর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন ৩০ জুলাই ভোরে ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার একটি পরিত্যক্ত বসতবাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় সেখান থেকে একটি বিদেশি পিস্তল ও দুটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়।
১৩ মামলার আসামি ডেভিড ইমন
পুলিশের দাবি, ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ মোট ১৩টি মামলা রয়েছে। এছাড়া একাধিক হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার বিষয়েও তদন্ত চলছে।
চাঁদাবাজির মামলায় নতুন করে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার পর এসব অভিযোগের পাশাপাশি সাম্প্রতিক বিভিন্ন অপরাধের সঙ্গে তার সম্পৃক্ততা এবং সহযোগীদের বিষয়ে তথ্য জানার চেষ্টা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।






