বিশেষ প্রতিনিধিঃ সুবীর
কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মোহাজেরপাড়া এলাকায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
রোববার (২৮ জুন) সকাল পৌনে ৯টার দিকে বানৌজা–পেকুয়া সড়কের মোহাজেরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বরইতলী ইউনিয়নের মোহাজেরপাড়া এলাকার মৃত আবুল কালামের ছেলে মোহাম্মদ মাহবুব (২৭) এবং মৃত কামাল হোছাইনের ছেলে মোহাম্মদ রাসেল (২৩)। আহত মোহাম্মদ শাহেদ (২৪) স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মাহবুব মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। তাঁর পেছনে আরোহী ছিলেন রাসেল ও শাহেদ। তারা একটি গ্রামীণ সড়ক থেকে বানৌজা–পেকুয়া সড়কে ওঠার সময় পেকুয়াগামী একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহবুব নিহত হন। গুরুতর আহত অবস্থায় রাসেল ও শাহেদকে স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। আহত শাহেদের চিকিৎসা চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়- সড়কের পাশে রাখা বড় আকারের কাঠের স্তূপের কারণে গ্রামীণ সড়ক থেকে মূল সড়কে ওঠা যানবাহনের দৃশ্যমানতা বাধাগ্রস্ত হয়। এ কারণে দুর্ঘটনার ঝুঁকি দীর্ঘদিন ধরে চলছে এবং সেটিই এ দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে।
বরইতলী ইউনিয়ন পরিষদের সদস্য শহীদুল ইসলাম দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান- নিহত দুজনই একই এলাকার বাসিন্দা হওয়ায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা ক্ষোপ প্রকাশ করে বলেন-সড়কটির ঝুঁকিপূর্ণ স্থানগুলো দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা অত্যন্তু জরুরী হয়ে পড়েছে। আর যদি ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত না করে এভাবে চলতে থাকলে রীতিমত মৃত্যুর মিছিল অব্যাহত থাকবে।





