সুবীর পাল :
বিশেষ প্রতিনিধি
কক্সবাজার রুটে চলাচলরত আন্তনগর ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটছে রীতিমত। আজ সোমবার দুপুরে কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার ট্রেনে পাথর নিক্ষেপে আহত হয়েছেন দুই যাত্রী। তাঁদের মধ্যে হিমেল আহমেদ (২৫) নামের এক যাত্রীর ভেঙ্গে গেছে চারটি দাঁত এবং নিচের ঠোঁটের ভেতরের অংশ ফেটে যায়। এতে কয়েকটি সেলাই দিতে হয়। আবু সাঈদ (৪০) নামে অপর যাত্রী গুরুত্বর আঘাত পেয়েছে ঘাড়ে।
রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা যায়- দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেনটি কক্সবাজার স্টেশন ছেড়ে আসে । পাথর নিক্ষেপে আহত দুই যাত্রী নন-এসি কোচের (ঢ বগি) এর ৩৫-৩৬ নম্বর সিটে বসা ছিলেন। ট্রেনটি চকরিয়া এলাকা অতিক্রম করার সময় বাইরে থেকে একটি পাথর ছুড়ে মারলে আহত হন ওই দুই যাত্রী। আহত ওই যাত্রীদের চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে চিকিৎসা দেওয়া হয়। আহত যাত্রীদের চিকিৎসা শেষে বিকেল সোয়া চারটার দিকে আবার ঢাকার উদ্দেশে যাত্রা করেন ট্রেনটি।
একই বগিতে থাকা অপর যাত্রী সাইদুল ইসলাম বাংলা টুডে’কে জানান- ১৮-২০ জনের একটি দল দিনাজপুরের বিরামপুর থেকে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথেই ঘটনার শিকার হন ওই যাত্রীরা।
সাইদুল ইসলাম অভিযোগ করে বলেন- ঘটনার সময় ট্রেনের অ্যাটেনডেন্ট অন্যত্র ছিলেন। বিষয়টি জানার পর গার্ড ও অ্যাটেনডেন্ট ঘটনাস্থলে আসতে দেরি করেন।
ট্রেনটিতে অবস্থানরত যাত্রীরা দুঃখ করে বলেন- পাথর নিক্ষেপের সবচেয়ে বেশি ঘটনা ঘটে কক্সবাজার রুটে। এই কক্সবাজার রুটে গত এক বছরে অন্তত ৩৮টি পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে এবং এই পাথর নিক্ষেপের ঘটনায় আহত হয়েছেন ১৪ জন যাত্রী। অথচ জনপ্রিয় এই রুটে পাথর নিক্ষেপের ঘটনায় যাত্রীদের জন্য মহা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. আনিসুর রহমান এর সাথে কথা বললে তিনি বাংলা টুডে’কে জানান- রেলওয়ে কতৃর্পক্ষ এই রুটে ট্রেনে পাথর নিক্ষেপ ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। পাশাপাশি রেলওয়ে পুলিশকে চকরিয়া-হারবাং এলাকায় বাড়াতে বলা হয়েছে নজরদারি।






