ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষের আপিল

ডেস্ক রিপোর্ট-বাংলা টুডে

জুলাই গণ–অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানিয়েছে রাষ্ট্রপক্ষ। এ দাবিতে সুপ্রিম কোর্টে আপিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

আজ সোমবার সাংবাদিকদের এ তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। তিনি বলেন, ট্রাইব্যুনাল ইনুকে যে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন, তা যথেষ্ট নয়। তাই সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষ সুপ্রিম কোর্টে আপিল করেছে।

এর আগে গত ৩০ জুন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ হাসানুল হক ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়েছিল।

ট্রাইব্যুনালের রায়ে আট অভিযোগের মধ্যে তিনটি প্রমাণিত হয়। প্রতিটি প্রমাণিত অভিযোগে ইনুকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তবে আদালত স্পষ্ট করে দেন, এসব সাজা একসঙ্গে বা যুগপৎভাবে চলবে। ফলে সব মিলিয়ে ইনুর কারাদণ্ডের মেয়াদ দাঁড়ায় ১০ বছর।

রাষ্ট্রপক্ষের দাবি, প্রমাণিত অপরাধের গুরুত্ব ও মাত্রা বিবেচনায় ইনুর জন্য আরও কঠোর শাস্তি প্রয়োজন। সে কারণেই ট্রাইব্যুনালের দেওয়া সাজা পুনর্বিবেচনা করে মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন জানিয়ে উচ্চ আদালতে আপিল করা হয়েছে।

এখন রাষ্ট্রপক্ষের এই আপিলের ওপর সুপ্রিম কোর্টে পরবর্তী আইনি প্রক্রিয়া এগোবে।

শেয়ার করুন :

Check Also

পালাতে থাকা ব্যক্তিকে ধরতে গিয়ে বাসের ধাক্কা, পুলিশ সদস্যের মৃত্যু

বিশেষ প্রতিনিধি- সুবীর পাল ওয়াসা মোড়ে মোটরসাইকেলসহ ১০০ ফুট টেনে নিল বাস, চালক-সহকারী গ্রেপ্তার চট্টগ্রাম …