বিশেষ প্রতিনিধি- সুবীর
চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংকের একটি এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তাকর্মী আইয়ুব আলী (৫৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় রংপুর জেলা সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া টাকার মধ্যে ১৪ লাখ ৮৪ হাজার ৮২৮ টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত বুধবার দুপুরে ইসলামী ব্যাংকের চকবাজার শাখার অধীন আইআইইউসি ক্যাম্পাসের এটিএম বুথে এ চুরির ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিউশন ফি সংগ্রহের জন্য ব্যবহৃত এই বুথে দায়িত্ব পালন করছিলেন ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ মুঈনুল ইসলাম।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বেলা তিনটার কিছু আগে মুঈনুল ইসলাম বুথে তালা লাগিয়ে দুপুরের খাবার খেতে বিশ্ববিদ্যালয়ের ক্যানটিনে যান। প্রায় আধঘণ্টা পর ফিরে এসে ক্যাশবাক্সে টাকা গণনার সময় দেখতে পান, এক হাজার টাকার নোটের ১৭টি বান্ডিলে থাকা মোট ১৭ লাখ টাকা নেই।
ঘটনার পর বুথের নিরাপত্তার দায়িত্বে থাকা আইয়ুব আলীকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বুথে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, তিনি একটি নকল চাবি ব্যবহার করে বুথে প্রবেশ করেন। এরপর ক্যাশ ড্রয়ার থেকে টাকাগুলো একটি টিস্যু ব্যাগে ভরে দ্রুত স্থান ত্যাগ করেন।
ঘটনার পর গত শুক্রবার ইসলামী ব্যাংকের চকবাজার শাখার কর্মকর্তা মোহাম্মদ মুঈনুল ইসলাম সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আইয়ুব আলীকে একমাত্র আসামি করা হয়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, অভিযুক্ত আইয়ুব আলীর বাড়ি কক্সবাজার সদর উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের বৈদ্যেরঘোনা এলাকায়। ঘটনার পর পুলিশ প্রথমে তার বাড়িতে অভিযান চালালেও তাকে পাওয়া যায়নি। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় রংপুর জেলা সদরে তার অবস্থান শনাক্ত করা হয়। সেখানে অভিযান চালিয়ে শনিবার তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইয়ুব আলী টাকা চুরির কথা স্বীকার করেছেন। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৪ লাখ ৮৪ হাজার ৮২৮ টাকা। চুরি হওয়া বাকি টাকা তিনি ইতোমধ্যে খরচ করেছেন বলে জানিয়েছেন।
রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি এ ঘটনায় অন্য কোনো ব্যক্তি জড়িত ছিলেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।





