[bangla_date],[english_date]

গুজব ঠেকাতে সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই জরুরি: বাসস প্রধান সম্পাদক

বিশেষ প্রতিনিধি- বাংলা টুডে

সাংবাদিকতায় সত্যতা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান

গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার রোধে সাংবাদিকদের আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী। তিনি বলেছেন, সংবাদ প্রকাশের আগে একাধিক নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য যাচাই করতে হবে। সাংবাদিকতার মূল ভিত্তি হতে হবে সত্যতা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বাসস কার্যালয়ে সংস্থাটির সাংবাদিকদের জন্য আয়োজিত মাল্টিমিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্ট চেকিংবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) তিন দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করেছে।

কাদের গনি চৌধুরী বলেন, সাংবাদিকতা শুধু জীবিকা অর্জনের পেশা নয়; এটি সমাজ ও মানুষের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব। জনগণের কাছে সঠিক, নির্ভুল ও সময়োপযোগী তথ্য পৌঁছে দেওয়া, জনমত গঠন, সচেতনতা বৃদ্ধি এবং ক্ষমতাসীন ব্যক্তি ও প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করতে সাংবাদিকতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের বিকাশেও সাংবাদিকতা অবদান রাখে। তাই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আইন, নৈতিকতা ও পেশাগত আচরণবিধি অনুসরণ করা প্রত্যেক সাংবাদিকের দায়িত্ব।

বাসসের প্রধান সম্পাদক আরও বলেন, তথ্যের সত্যতা যাচাইয়ের পাশাপাশি ব্যক্তির গোপনীয়তা ও মানবিক মর্যাদার প্রতি সম্মান দেখাতে হবে। সংবাদ পরিবেশনে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কোনো ভুল তথ্য প্রকাশিত হলে তা দ্রুত সংশোধন করা এবং প্রয়োজন অনুযায়ী ক্ষমা চাওয়ার মানসিকতাও সাংবাদিকদের থাকতে হবে।

হিংসা, সহিংসতা ও ধর্মান্ধতা উসকে দিতে পারে—এমন বিষয় প্রকাশের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের ওপরও গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, দায়িত্বহীন সংবাদ পরিবেশন সমাজে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টি করতে পারে। তাই তথ্য যাচাই ও পেশাগত বিবেচনাবোধের মাধ্যমে সাংবাদিকদের দায়িত্ব পালন করতে হবে।

প্রযুক্তির ব্যবহারে বাড়ছে সংবাদ তৈরির সুযোগ

আধুনিক সাংবাদিকতায় প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে কাদের গনি চৌধুরী মোবাইল সাংবাদিকতাকে ‘ওয়ান ম্যান আর্মি’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, স্মার্টফোন বা ট্যাবলেটের মতো ডিভাইস ব্যবহার করে এখন দ্রুত সংবাদ সংগ্রহ, সম্পাদনা ও প্রচার করা সম্ভব হচ্ছে।

একজন মোবাইল সাংবাদিক একই ডিভাইসের সাহায্যে ছবি তোলা, ভিডিও ধারণ, কণ্ঠস্বর রেকর্ড, সম্পাদনা এবং সংবাদ উপযোগী কনটেন্ট তৈরি ও প্রচার করতে পারেন। প্রযুক্তির এ সুবিধা কাজে লাগিয়ে সংবাদ পরিবেশনের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাসসের ব্যবস্থাপনা সম্পাদক ফজলুল হক, ইংরেজি বিভাগের প্রধান প্রতিবেদক জি এম রাজিব হোসেন, বাংলা বিভাগের প্রধান প্রতিবেদক মো. দিদারুল আলম এবং পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।

প্রশিক্ষণে বাসসের মোট ৩৭ জন সাংবাদিক অংশ নেন। মাল্টিমিডিয়া সাংবাদিকতা, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও তথ্য যাচাইয়ের দক্ষতা বাড়ানোর মাধ্যমে সাংবাদিকদের পেশাগত সক্ষমতা উন্নয়নের লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ

আজকের প্রধান সংবাদ
Md Moffassir

গুজব ঠেকাতে সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই জরুরি: বাসস প্রধান সম্পাদক

বিশেষ প্রতিনিধি- বাংলা টুডে সাংবাদিকতায় সত্যতা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান গুজব,

Read More »