জি এম কাদেরের বাসায় হামলা, ভাঙচুর জানালার কাঁচ

ডেস্ক রিপোর্ট-বাংলা টুডে

‘ভারতের দালাল’ স্লোগান দিয়ে ইটপাটকেল নিক্ষেপ, হামলাকারীদের শনাক্তে কাজ করছে পুলিশ

রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মিছিল নিয়ে আসা একদল লোক তাঁর বাসা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে জানালাসহ বিভিন্ন স্থানের কাচ ভেঙে যায়। তবে হামলাকারীরা বাসার ভেতরে প্রবেশ করেনি।

জি এম কাদের ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জি এম কাদের জানান, সকালে নাশতা শেষে তিনি বাসায় অবস্থান করছিলেন। হঠাৎ বাইরে হইচই শুনতে পান। এ সময় তাঁকে লক্ষ্য করে ‘ভারতের দালাল’ স্লোগান দেওয়া হচ্ছিল। তাঁর ধারণা, হামলাকারীর সংখ্যা ১০০ থেকে ১৫০ জনের মতো। একপর্যায়ে তাঁরা বাসা লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করেন।

জি এম কাদের বলেন, থানায় ফোন দেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে আসে। তবে এর আগেই হামলাকারীরা চলে যায়। কেন তাঁর বাসায় এ হামলা হয়েছে, তা বুঝতে পারছেন না তিনি।

জি এম কাদেরের বাসায় লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়

উপকমিশনার রেজাউল করিম বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে হামলাকারীরা চলে গিয়েছিল। তাঁদের শনাক্ত করার চেষ্টা চলছে।

ঘটনার পর জি এম কাদেরের বাসার সামনে পুলিশ অবস্থান নেয়। তবে হামলার কারণ ও জড়িত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শেয়ার করুন :

Check Also

পাঁচ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ২১ জানুয়ারি

বিশেষ প্রতিনিধি- বাংলা টুডে আগামী বছরের ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটের মধ্য দিয়ে শুরু হচ্ছে …