গণমাধ্যম নিয়ন্ত্রণের ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট- বাংলা টুডে

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেছেন, গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা সরকার করছে না, এমন কোনো ইচ্ছাও সরকারের নেই। তবে মতপ্রকাশের স্বাধীনতার পাশাপাশি জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকে সুরক্ষা দেওয়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

সোমবার (৫ অক্টোবর) মন্ত্রণালয়ে নিজের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।

বৈঠকের শুরুতে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় আন্দালিভ রহমানকে অভিনন্দন জানান।

আন্দালিভ রহমান বলেন, সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব। একই সঙ্গে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর, বিভ্রান্তিকর এবং মিথ্যা তথ্য ছড়িয়ে পড়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখতে হবে। এসব অপতথ্যের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষার বিষয়টিও সমান গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। এ বিষয়ে সরকার সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে নিয়মিত মতবিনিময় করছে।

সাংবাদিকদের আর্থিক নিরাপত্তার প্রসঙ্গ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তবে এ ক্ষেত্রে গণমাধ্যম মালিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বৈঠকে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মতপ্রকাশের স্বাধীনতার পাশাপাশি সাংবাদিকতার নৈতিক মানদণ্ড বজায় রাখার ওপর গুরুত্ব দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ও অপতথ্য মোকাবিলায় ফ্যাক্ট-চেকিংয়ের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

সারাহ কুক বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য মোকাবিলায় যুক্তরাজ্যের অফিস অব কমিউনিকেশনস (অফকম) এবং বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতার সুযোগ রয়েছে।

বৈঠকে সামাজিক যোগাযোগমাধ্যমের নানা চ্যালেঞ্জ, তথ্যের সঠিকতা নিশ্চিত করা, অপতথ্য মোকাবিলা এবং দায়িত্বশীল গণমাধ্যম চর্চাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

শেয়ার করুন :

Check Also

কিশোর গ্যাং ঠেকাতে আগে বদলাতে হবে ঘরের নজরদারি- ‘শাস্তি নয়, বিপথে যাওয়ার আগেই দরকার কাউন্সেলিং’

ডেস্ক রিপোর্ট- বাংলা টুডে কিশোরের আচরণ হঠাৎ বদলে গেছে, বন্ধুবৃত্তে এসেছে পরিবর্তন, বাড়ির বাইরে কাটছে …