পুলিশে বড় রদবদল, দুই দিনে বদলি ৯৬ কর্মকর্তা

ডেস্ক রিপোর্ট- বাংলা টুডে

৭২ শিক্ষানবিশ এএসপিসহ ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিদের নতুন কর্মস্থলে পদায়ন

জনস্বার্থে জারি করা পৃথক প্রজ্ঞাপন, অবিলম্বে কার্যকরের নির্দেশ

বাংলাদেশ পুলিশে বড় ধরনের রদবদল করা হয়েছে। দুই দিনে ৭২ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) এবং ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ২৪ কর্মকর্তাসহ মোট ৯৬ জনকে বদলি, পদায়ন ও সংযুক্ত করা হয়েছে। শনিবার ও রোববার পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৭২ জন শিক্ষানবিশ এএসপিকে বদলি, পদায়ন ও সংযুক্ত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা জেলায় বাস্তব অভিজ্ঞতা অর্জনের কার্যক্রম সন্তোষজনকভাবে শেষ করার পর নির্ধারিত নতুন কর্মস্থলে যোগদান করবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁদের এ আদেশ কার্যকর থাকবে।

এর এক দিন পর রোববার (৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে পুলিশের আরও ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে রদবদল করা হয়। তাঁদের মধ্যে রয়েছেন তিনজন ডিআইজি, ১২ জন অতিরিক্ত ডিআইজি এবং নয়জন পুলিশ সুপার (এসপি)। এসব কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিট, মেট্রোপলিটন পুলিশ, প্রশিক্ষণকেন্দ্র ও বিশেষায়িত বিভাগে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ, সাবেক এটিইউ) ডিআইজি ড. মো. আক্কাস উদ্দিন ভূঁইয়াকে পুলিশ স্টাফ কলেজে এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. মাহমুদুর রহমানকেও একই প্রতিষ্ঠানে পদায়ন করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূরকে ম্যাস র‍্যাপিড ট্রানজিটে (মেট্রোরেল) পদায়ন করা হয়েছে।

পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যেও উল্লেখযোগ্য রদবদল হয়েছে। সিআইডির পুলিশ সুপার এ টি এম মোশাররফ হোসেন এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি) সৈয়দ মোহাম্মদ ফরহাদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার করা হয়েছে। পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার মাহবুবুল আলমকে সিআইডির বিশেষ পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সংযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ হুমায়ুন কবিরকে ট্যুরিস্ট পুলিশে, এসবির পুলিশ সুপার আশ্রাফুজ্জামানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার ইয়াছমিন খাতুনকে এসবিতে পদায়ন করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের এআইজি নিশাত অ্যাঞ্জেলাকে ট্যুরিস্ট পুলিশে এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইমদাদ হুসাইনকে এসআরইউয়ের পুলিশ সুপার করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার কবীর আহম্মেদকে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। একইভাবে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকেও খুলনা মেট্রোপলিটন পুলিশে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, সিএমপির উপপুলিশ কমিশনার শেখ শরিফুল ইসলামকে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার এম এম শাকিলুজ্জামানকে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এবং বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার ড. মো. সাইফুজ্জামান বিন আনোয়ারকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদেরও বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে। রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে) শাহ মমতাজুল ইসলামকে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কমান্ড্যান্ট করা হয়েছে। টিডিএসের অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমানকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) পদায়ন করা হয়েছে।

এসআরইউয়ের পুলিশ সুপার মোছা. শিরিন আক্তার জাহানকে পুলিশ সদর দপ্তরে, পুলিশ সদর দপ্তরের এআইজি ড. মো. মঞ্জুরে আলম প্রামাণিককে ট্যুরিস্ট পুলিশে এবং এসআরবি (সাবেক র‍্যাব) পরিচালক মো. মোশাররফ হোসেনকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া টিডিএসের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিমকে সিআইডিতে, সিআইডির পুলিশ সুপার মুহাম্মদ রেজাউল মাসুদকে সাতক্ষীরা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট এবং সিআইডির পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলামকে নীলফামারী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও কয়েকজন কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন ও সংযুক্তির আদেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের মাধ্যমে পুলিশের বিভিন্ন ইউনিটের কার্যক্রম পরিচালিত হবে।

পুলিশের এসব রদবদল জনস্বার্থে করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। আদেশগুলো অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন :

Check Also

চাকরির বিষয়ে তদবির-সুপারিশে কঠোর এনবিআর

ডেস্ক রিপোর্ট- বাংলা টুডে ফোন কিংবা লোক পাঠিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা অসদাচরণ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ …