ডেস্ক রিপোর্ট-বাংলা টুডে
মেঘনায় গোসলে নেমে স্রোতের টানে তলিয়ে যায় তিন বন্ধু
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল তিন শিক্ষার্থীর। নিহতদের মধ্যে যমজ দুই ভাইও রয়েছে।
রোববার দুপুরের আগে উপজেলার ভাটিবন্দর বালুরমাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো—মোগরাপাড়া ইউনিয়নের বাড়িমজলিশ এলাকার মোহাম্মদ ফারুকের যমজ ছেলে আসেকিন ও আরেফিন (দুজনের বয়স ১৫ বছর) এবং একই এলাকার আব্দুল আলিনের ছেলে আবির (১৪)। তারা সবাই মোগরাপাড়া এইচ.জি.জি.এস. স্মৃতি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। আসেকিন ও আরেফিন নবম শ্রেণিতে এবং আবির অষ্টম শ্রেণিতে পড়ত।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রোববার সকালে চার বন্ধু স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। পরে তারা স্কুলে না গিয়ে একসঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নামে।
গোসলের একপর্যায়ে চারজনের মধ্যে একজন নদী থেকে উঠে এলেও তীব্র স্রোতে আসেকিন, আরেফিন ও আবির পানিতে তলিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন তাদের উদ্ধারের চেষ্টা করেন। পরে খবর পেয়ে ঢাকার ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

দীর্ঘ চেষ্টার পর বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে নিখোঁজ তিনজনের মধ্যে যমজ ভাই আসেকিন ও আরেফিনের মরদেহ উদ্ধার করা হয়। পরে বিকেল ৫টার দিকে উদ্ধার করা হয় আবিরের মরদেহ।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ তিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
একসঙ্গে তিন শিক্ষার্থীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে যমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে চলছে আহাজারি।
BANGLA TODAY আজকের বাংলা