ফল খারাপ হওয়ায় হতাশা থেকে আত্মহত্যা- ধারণা পুলিশের
বিশেষ প্রতিনিধি- সুবীর
এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পরদিন চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় এক শিক্ষার্থীর (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চলতি বছর নগরের একটি বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ওই শিক্ষার্থী ফল প্রকাশের পর হতাশায় ছিল বলে জানিয়েছে তার পরিবার।
মঙ্গলবার সকালে বাড়ির একটি কক্ষে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে বাকলিয়া থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান- সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ওই শিক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য হয়। এরপর থেকেই সে মানসিকভাবে ভেঙে পড়েছিল বলে পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যরা বাড়ির একটি কক্ষে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে আনুমানিক বেলা সাড়ে ১১টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির বলেন, ‘পরীক্ষার ফল খারাপ হওয়ায় হতাশা থেকে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পরীক্ষার ফল, হতাশা ও জীবন
এসএসসির ফল প্রকাশের পর শিক্ষার্থীদের অনেকেই প্রত্যাশিত ফল না পেয়ে হতাশ হয়ে পড়ে। তবে একটি পরীক্ষার ফলাফল কোনোভাবেই জীবনের শেষ কথা নয়—শিক্ষার্থীদের এমন পরিস্থিতিতে পরিবার ও স্বজনদের সহমর্মী ও পাশে থাকা জরুরি।






