এসএসসি ফল নিয়ে অসন্তুষ্টদের জন্য শিক্ষামন্ত্রীর নতুন ঘোষণা
বিশেষ প্রতিনিধি- সুবীর
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের খাতা পুনঃপরীক্ষণের ক্ষেত্রে এবার বড় পরিবর্তন আনা হয়েছে। পুনঃপরীক্ষণের আবেদন করা শিক্ষার্থীদের খাতা সম্পূর্ণভাবে পুনঃপরীক্ষা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
খাতা যাচাইয়ের সময় কোনো ধরনের ভুলত্রুটি ধরা পড়লে তা সংশোধনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, ভালো ফল করার প্রস্তুতি থাকা সত্ত্বেও অনেক সময় শিক্ষার্থীরা পরীক্ষায় আশানুরূপ ফল করতে পারে না। এ বিষয়টি বিবেচনায় নিয়ে খাতা পুনঃপরীক্ষণের ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে।
তিনি বলেন, বোর্ডের ১৯৯৮ সালের আইনে খাতা পরিদর্শনের কোনো ব্যবস্থা ছিল না। বর্তমানে সেই ব্যবস্থা পরিবর্তন করা হয়েছে। যেসব শিক্ষার্থী পুনঃপরীক্ষণের জন্য আবেদন করবেন, তাঁদের খাতা সম্পূর্ণভাবে পুনঃপরীক্ষা করা হবে।
‘কোথাও ভুলত্রুটি হলে ব্যবস্থা’
শিক্ষামন্ত্রী আরও বলেন, খাতা পুনঃপরীক্ষণের সময় কোথাও কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ফলে ফলাফলে অসঙ্গতি রয়েছে বলে মনে করলে শিক্ষার্থীরা পুনঃপরীক্ষণের আবেদন করতে পারবেন।
এদিকে সোমবার প্রকাশিত হয়েছে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল। এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।
গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। সে বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।
অর্থাৎ গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫—দুই ক্ষেত্রেই উল্লেখযোগ্য পতন হয়েছে। এমন পরিস্থিতিতে ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের জন্য খাতা সম্পূর্ণভাবে পুনঃপরীক্ষণের ঘোষণা নতুন করে গুরুত্ব পেয়েছে।






