ভাইকে হত্যার অভিযোগে বোন পুলিশের হেফাজতে

বিশেষ প্রতিনিধি: বাংলা টুডে

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নে জায়গা-জমিসংক্রান্ত বিরোধের জেরে মো. রফিক (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগে তার বড় বোন রাজু বেগমকে (৭০) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) সকালে উপজেলার ইদিলপুর এলাকার মিয়াজী বাড়ি থেকে রাজু বেগমকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রফিক ও তার বড় বোন রাজু বেগম একই ঘরে বসবাস করতেন। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে ভিটেমাটি ও জায়গা-জমির ভাগ-বণ্টন নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার গভীর রাতে এ বিরোধকে কেন্দ্র করে ভাই-বোনের মধ্যে তীব্র বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে পাশের ঘরের ভাড়াটিয়ারা চিৎকার শুনে এগিয়ে গিয়ে দরজার পাশে রফিককে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন।

পরে স্থানীয়রা নিহতের স্বজনদের খবর দিলে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি বিপুল চন্দ্র দে জানান, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহতের ছেলে বাদী হয়ে ভূজপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। অভিযুক্ত রাজু বেগমকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

শেয়ার করুন :

Check Also

ক্যান্সারের চিকিৎসা নিতে এসে রাত কাটে খোলা আকাশের নিচে

ডেস্ক নিউজ- বাংলা টুডে মেশিন সংকটে রেডিওথেরাপির দীর্ঘ অপেক্ষা, হাসপাতাল প্রাঙ্গণে রোগী-স্বজনের মানবেতর জীবন ঢাকার …