বিশেষ প্রতিনিধি- সুবীর
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের উত্তর সরল বেরিবাঁধ সংলগ্ন তাজুরঘোনা এলাকার একটি চিংড়ি মাছের প্রকল্পের দখল-বেদখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় এক পক্ষের এলোপাতাড়ি গুলিতে কয়েকজন গুরুতর আহত হন।
জানা যায়, চিংড়ি প্রকল্পের দখল নিয়ে কবির গ্রুপ ও মনসুর গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষ চলাকালে গুলিবর্ষণের ঘটনায় কয়েকজন আহত হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে চট্টগ্রাম জেলা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের তত্ত্বাবধানে ঘটনায় জড়িতদের গ্রেফতার এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারে একাধিক পুলিশ দল অভিযান পরিচালনা করছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ইতোমধ্যে ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ। একই সঙ্গে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।





