বিশেষ প্রতিনিধি- সুবীর
চট্টগ্রামের হাটহাজারীতে এক ব্যবসায়ীর চলন্ত গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও গুলি চালানোর ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ইছাপুর বাজারের চারা বটতলা এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
ব্যবসায়ী এস এম শহীদুল্লাহ চট্টগ্রামের রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ওয়াহেদীখীল এলাকার বাসিন্দা এবং তাঁর রাউজানে একাধিক ইটভাটার ব্যবসা রয়েছে।
পুলিশ জানায়, ব্যবসায়িক কাজ শেষে নিজেই একটি এসইউভি চালিয়ে বাড়ি ফিরছিলেন শহীদুল্লাহ। পথে ইছাপুর বাজারের চারা বটতলা এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত ইটপাটকেল ছুড়ে গাড়িটি থামানোর চেষ্টা করে। পরে তারা গাড়ি লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে। গুলির শব্দে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
এস এম শহীদুল্লাহ দাবি করেন, ইটভাটার ব্যবসাকে কেন্দ্র করে সম্প্রতি একাধিকবার তাঁর ওপর হামলার চেষ্টা হয়েছে। এর আগে তাঁর বাড়িতেও হামলার ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ করেন।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ বলেন, চলন্ত একটি গাড়িতে গুলি চালানোর ঘটনার সত্যতা পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।





