নিজস্ব প্রতিবেদক- বাংলা টুডে
চট্টগ্রামসহ দেশজুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার তিন সহযোগী আল ইসলাম অলিফ তমাল, শামিম ও সাফায়েতকেও আটক করা হয়।
মঙ্গলবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে যশোর কোতোয়ালী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম।
জেলা পুলিশের দায়িত্বশীল একটি সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোরের ঝুমঝুমপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। যশোর ও চট্টগ্রাম জেলা পুলিশের সমন্বিত অভিযানে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা সম্ভব হয়। পরে তাকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, একসময় সাধারণ জীবনযাপন করলেও পরবর্তীতে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ গ্রুপে যোগ দেন ডেভিড ইমন। এরপর চট্টগ্রামে সংঘটিত একাধিক আলোচিত হত্যাকাণ্ডে তার নাম উঠে আসে।
পুলিশের তথ্য অনুযায়ী, মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন ২০২৫ সালের ৩০ মার্চ বাকলিয়া এলাকার জোড়া খুনের মামলাসহ একই বছরের ২৩ মে রাতে পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় সন্ত্রাসী ঢাকাইয়া আকবর হত্যা মামলার আসামি। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ মোট ১৫টি মামলা রয়েছে।
ডেভিড ইমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার বাসিন্দা এবং মো. মুসার ছেলে। তার বিরুদ্ধে চট্টগ্রামে একাধিক আলোচিত ডাবল মার্ডার, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
সর্বশেষ একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ‘ডিডিএন’-এর কাছে প্রায় ২ কোটি টাকা চাঁদা দাবি এবং হামলার ঘটনায় তার নাম দেশজুড়ে আলোচনায় আসে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে এনে সংশ্লিষ্ট মামলাগুলোতে আইনানুগ প্রক্রিয়ায় জিজ্ঞাসাবাদ ও পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
BANGLA TODAY আজকের বাংলা