লোহাগাড়ায় চার অভিযানে ৬৩ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৬

বিশেষ প্রতিনিধি-সুবীর

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পৃথক চারটি অভিযানে মোট ৬৩ হাজার ৬৮টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক পাচারের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি টয়োটা প্রাডো জিপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

রোববার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আল মামুন (৪০), মোহাম্মদ আলী (৩০), ইসমাত জেরিন (৩৮), মোহাম্মদ মিজানুর রহমান (২৯), মো. সিদ্দিক (৪৮) এবং ইলিয়াছ হাবিব (২৬)।

পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ১০টার দিকে চুনতি জাঙ্গালিয়া এলাকায় বন্যপ্রাণী রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে স্থাপিত চেকপোস্টে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি সাদা রঙের টয়োটা প্রাডো জিপে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ি থেকে ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

একই দিন বিকেল চারটার দিকে উপজেলার আমিরাবাদ স্টেশন এলাকায় মা ও শিশু হাসপাতালের সামনে একটি বাসে তল্লাশি চালিয়ে এক যাত্রীর কাছ থেকে ৭৬৮টি ইয়াবা উদ্ধার করা হয়।

এরপর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনের একই চেকপোস্টে একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে দুই হাজার ইয়াবাসহ চালককে গ্রেপ্তার করা হয়।

পরে দিবাগত রাত দুইটার দিকে একই চেকপোস্টে হানিফ সুপার পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে এক যাত্রীর দেহ তল্লাশি করে আরও ৩০০টি ইয়াবা উদ্ধার করা হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ বলেন, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পৃথক চারটি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার এবং ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। মাদক পাচার ও কারবার রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন :

Check Also

ক্যান্সারের চিকিৎসা নিতে এসে রাত কাটে খোলা আকাশের নিচে

ডেস্ক নিউজ- বাংলা টুডে মেশিন সংকটে রেডিওথেরাপির দীর্ঘ অপেক্ষা, হাসপাতাল প্রাঙ্গণে রোগী-স্বজনের মানবেতর জীবন ঢাকার …