মেজর (অব.) মোজাফফরের বিচার হবে জেনারেল কোর্ট মার্শালে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার সেনা আইনে জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর পিলখানায় শহীদ ক্যাপ্টেন আশরাফ হলে বিজিবি সদরদপ্তর পরিদর্শন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মেজর (অব.) মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর অন্য সহযোগীদের বিচার অতীতে সামরিক আদালতে সম্পন্ন হয়েছে এবং সেই রায়ের কিছু পর্যবেক্ষণ রয়েছে। তিনি দীর্ঘদিন ভিন্ন পরিচয়ে পার্শ্ববর্তী একটি দেশে আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং সেনা আইনে বিচার কার্যক্রম পরিচালনার জন্য সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, “জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে তাঁর বিচার নিশ্চিত করা হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় যারা সাজাপ্রাপ্ত হয়েছেন, একই রায়ে তাঁর বিষয়ে কোনো পর্যবেক্ষণ থাকলে সেটিও জেনারেল কোর্ট মার্শাল বিবেচনা করবে।”

মেজর (অব.) মোজাফফরের বিরুদ্ধে সিভিল আইনে পৃথক মামলা করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি পরবর্তীতে আইনগতভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। আপাতত সে ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, “একই ব্যক্তিকে একই অপরাধে দুই ভিন্ন আইনে দুইবার বিচার করা যায় না।”

উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪৫ বছর ধরে পলাতক ছিলেন মেজর (অব.) মোজাফফর হোসেন (৭৭)। গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরদিন তাঁকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শেয়ার করুন :

Check Also

ক্যান্সারের চিকিৎসা নিতে এসে রাত কাটে খোলা আকাশের নিচে

ডেস্ক নিউজ- বাংলা টুডে মেশিন সংকটে রেডিওথেরাপির দীর্ঘ অপেক্ষা, হাসপাতাল প্রাঙ্গণে রোগী-স্বজনের মানবেতর জীবন ঢাকার …