ডেস্ক নিউজ
চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় স্থানীয় যুবদল নেতাকর্মী ও এলাকাবাসীর যৌথ অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটের দিকে সিডিএ মার্কেটসংলগ্ন আব্দুল বারেক রোডের নুর ভবনের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
পাহাড়তলী থানা যুবদল নেতা আনোয়ার হোসেনের নেতৃত্বে স্থানীয় যুবদল নেতাকর্মী ও যুবসমাজের অংশগ্রহণে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই সন্দেহভাজন মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের জব্দ করা মাদকসহ পাহাড়তলী থানায় নিয়ে গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফসারের নিকট হস্তান্তর করা হয়েছে।
অভিযান শেষে আনোয়ার হোসেন বলেন, “পাহাড়তলী এলাকায় মাদক ব্যবসা পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গড়াই আমাদের মূল লক্ষ্য। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী প্রতিটি পাড়া-মহল্লায় যুবদলের উদ্যোগে মাদকবিরোধী কার্যক্রম চলবে।”
তবে এ ঘটনায় আটক ব্যক্তিদের পরিচয়, জব্দকৃত ইয়াবার পরিমাণ এবং তাদের বিরুদ্ধে কী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।






