বিশেষ প্রতিনিধি- সুবীর
চট্টগ্রাম: নগরের মুরাদপুর ফ্লাইওভারের মুখে সড়কের বড় গর্তে পড়ে একটি ব্যক্তিগত গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন ও সড়ক বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলীর কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে গাড়ি মেরামতে ব্যয় হওয়া ৯১ হাজার টাকা সাত দিনের মধ্যে ক্ষতিপূরণ হিসেবে পরিশোধের দাবি জানানো হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) আইনজীবী মো. মীর হাসান বাবুলের মাধ্যমে সুপ্রিম কোর্টের আইনজীবী খালেদ মাহমুদ রায়হানের পক্ষে এ আইনি নোটিশ পাঠানো হয়।
নোটিশে উল্লেখ করা হয়, খালেদ মাহমুদ রায়হান চট্টগ্রাম নগরের মুরাদপুর সংলগ্ন মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন সড়ক সংস্কার ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হলেও মুরাদপুর ফ্লাইওভারের মুখে দীর্ঘদিন ধরে কার্পেটিং নষ্ট হয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে প্রতিনিয়ত যান চলাচলে বিঘ্ন ঘটছে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়লেও কার্যকর কোনো সংস্কার বা রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়া হয়নি বলে নোটিশে অভিযোগ করা হয়েছে।
নোটিশ অনুযায়ী, মঙ্গলবার সকালে নিজের হোন্ডা ভেজেল গাড়ি নিয়ে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় রাস্তার একটি বড় গর্তে গাড়ির চাকা পড়ে যায়। এতে গাড়ির চাকা ফেটে যাওয়ার পাশাপাশি মাডগার্ড, এক্সেল, বাম্পার, সাসপেনশন, স্টিয়ারিং র্যাক বক্স, হ্যাঙ্গার এবং গাড়ির রঙসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ক্ষতিগ্রস্ত গাড়িটি মেরামতে প্রায় ৯১ হাজার টাকা ব্যয় হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়। এছাড়া গাড়িটি ব্যবহার করতে না পারায় নিয়মিত অফিসে যাতায়াতে বিঘ্ন সৃষ্টি হয়েছে বলেও দাবি করা হয়েছে।
নোটিশে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট সড়কটি যথাযথভাবে রক্ষণাবেক্ষণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অবহেলার কারণেই এ ক্ষয়ক্ষতি হয়েছে। তাই নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে ৯১ হাজার টাকা ক্ষতিপূরণ পরিশোধের জন্য মেয়র ও সংশ্লিষ্ট প্রকৌশলীকে আহ্বান জানানো হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে ক্ষতিপূরণ পরিশোধ না করা হলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে।





