বিশেষ প্রতিনিধি- সুবীর
সাতকানিয়া: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার একটি পুকুর থেকে নিখোঁজ ইলিয়াস (৭৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৯ জুন) বেলা ১১টার দিকে উপজেলার ছদাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যরা জানান, ইলিয়াস নিয়মিত মদপান করতেন এবং মাঝেমধ্যে বাড়ি থেকে বের হয়ে কয়েকদিন নিখোঁজ থাকতেন। কয়েকদিন আগে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। এরপর পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার পাশাপাশি মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তার কোনো সন্ধান পাননি।
সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা মরদেহটি নিখোঁজ ইলিয়াসের বলে শনাক্ত করেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।”
তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।






