ডেস্ক রিপোর্ট- বাংলা টুডে

সাত দফায় আটক ২ হাজার ৬৪৭, ইশায়াত হত্যাকাণ্ডের পর অভিযান জোরদার

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের তৎপরতা ও কিশোরদের অপরাধপ্রবণতা ঠেকাতে পুলিশের ধারাবাহিক অভিযানে আরও ৩৫৩ জনকে আটক করা হয়েছে। রোববার সন্ধ্যার পর থেকে সোমবার ভোর পর্যন্ত জেলার ১৮টি থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে তাঁদের আটক করা হয়। এ নিয়ে গত ২৩ সেপ্টেম্বর শুরু হওয়া সাত দফার অভিযানে মোট আটক ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬৪৭।

সোমবার সকালে জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এ তথ্য জানান।

পুলিশ জানায়, কিশোরদের উৎপাত ও কিশোর গ্যাংয়ের তৎপরতা রয়েছে—এমন এলাকাগুলো চিহ্নিত করে অভিযান চালানো হচ্ছে। জেলা পুলিশের সব ইউনিটের পাশাপাশি ডিবির সদস্যরাও অভিযানে অংশ নেন। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন। পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে সর্বশেষ অভিযান পরিচালিত হয়।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততার বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। উঠতি বয়সী কিশোরেরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অভিযানের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও নজরদারি রাখা হচ্ছে।

সাত দফায় আটক ২ হাজার ৬৪৭

জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম পাঁচ দফার অভিযানে ২ হাজার ৪২ জনকে আটক করা হয়। ষষ্ঠ দফায় গত বৃহস্পতিবার রাতে আটক করা হয় ২৫২ জনকে। সর্বশেষ সপ্তম দফায় আটক হয়েছেন আরও ৩৫৩ জন। সব মিলিয়ে সাত দফায় আটক ব্যক্তির সংখ্যা ২ হাজার ৬৪৭।

ইশায়াত হত্যাকাণ্ডের পর জোরালো অভিযান

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের পর কিশোর গ্যাংবিরোধী অভিযান জোরদার করে পুলিশ। গত ১৮ সেপ্টেম্বর নিখোঁজ হওয়ার পরদিন সদর দক্ষিণ উপজেলার সানন্দা এলাকায় লালমাই পাহাড়ের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

একটি কিশোরের এমন মর্মান্তিক মৃত্যুর পর জেলায় কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণ এবং কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে পুলিশের এ ধারাবাহিক অভিযান শুরু হয়। তবে আটক ব্যক্তিদের মধ্যে কতজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ রয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি পুলিশ।

শেয়ার করুন :

Check Also

সীতাকুণ্ডে ৭ টন মা ইলিশ জব্দ, জরিমানা ৩ লাখ ৮০ হাজার টাকা

বিশেষ প্রতিনিধি- সুবীর পাল চারটি মাছ ধরার বোট আটক, জব্দ ইলিশ বিতরণ ২৫ এতিমখানায় চট্টগ্রামের …