সাতকানিয়া প্রতিনিধি :
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা-এর গারাংগিয়া এলাকার শাহ মজিদিয়া সড়কে অবস্থিত ঐতিহ্যবাহী গারাংগিয়া বেইলি ব্রিজটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে সেতুটি এখন কার্যত মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই সেতু ব্যবহার করছেন হাজারো সাধারণ মানুষ, শিক্ষার্থী ও যানবাহন চালক।
স্থানীয়দের অভিযোগ, কয়েক দশক আগে নির্মিত লোহার এই বেইলি ব্রিজটির আয়ুষ্কাল অনেক আগেই শেষ হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে সেতুর লোহার পাটাতন, সংযোগ অংশ এবং মূল কাঠামোর বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয় দেখা দিয়েছে। ফলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।
গারাংগিয়া এলাকার গুরুত্বপূর্ণ এই সড়কটি দক্ষিণ চট্টগ্রামের মানুষের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম। সেতুর আশপাশে অবস্থিত গারাংগিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা, গারাংগিয়া ইসলামী রব্বানী মহিলা কামিল মাদ্রাসা এবং গারাংগিয়া উচ্চ বিদ্যালয়-এর হাজার হাজার শিক্ষার্থী প্রতিদিন এই সেতু ব্যবহার করে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে। ফলে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও গভীর উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সেতুটি ধসে পড়া ঠেকাতে নিচের পিলারগুলোতে অতিরিক্ত লোহার পাইপ দিয়ে অস্থায়ীভাবে সাপোর্ট দেওয়া হয়েছে। তবুও মাঝারি কিংবা ভারী যানবাহন চলাচলের সময় পুরো সেতু কেঁপে ওঠে, যা পথচারী ও চালকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে।
শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর ভাষ্য, দীর্ঘদিন ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ও স্থায়ী উদ্যোগ গ্রহণ করা হয়নি। প্রতিনিয়ত ভয় ও অনিশ্চয়তার মধ্যে সেতু পারাপার করতে হচ্ছে। তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটতে পারে।
এলাকাবাসী অবিলম্বে ঝুঁকিপূর্ণ এই বেইলি ব্রিজ অপসারণ করে সেখানে একটি আধুনিক, প্রশস্ত ও টেকসই আরসিসি (RCC) সেতু নির্মাণের জোর দাবি জানিয়েছেন। তাদের মতে, হাজারো শিক্ষার্থী, সাধারণ মানুষ ও যানবাহনের নিরাপদ চলাচল নিশ্চিত করতে দ্রুত সময়ের মধ্যে নতুন সেতু নির্মাণ এখন সময়ের দাবি।
BANGLA TODAY আজকের বাংলা