ডেস্ক রিপোর্ট- বাংলা টুডে
স্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি ও জলবায়ু অর্থায়নেও সহায়তা প্রত্যাশা বাংলাদেশের
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, জ্বালানি নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা ও জলবায়ু অর্থায়নসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে কানাডার সহায়তা প্রত্যাশা করেছে বাংলাদেশ।
গতকাল সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ ও কৌশলগত অংশীদারত্বের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশে বর্তমানে প্রায় ১৩ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। জনবহুল দেশ হিসেবে বাংলাদেশকে নিজস্ব অর্থনৈতিক ও সামাজিক নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। এর মধ্যে বিপুলসংখ্যক রোহিঙ্গার দীর্ঘস্থায়ী অবস্থান দেশের অর্থনীতি ও পরিবেশের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।
প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেওয়া জরুরি হলেও এ সংকটের স্থায়ী সমাধান হচ্ছে তাঁদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন। সংকটের উৎপত্তি মিয়ানমারে হওয়ায় এর সমাধানও সেখানেই নিহিত বলে তিনি উল্লেখ করেন।
বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় কানাডার সহযোগিতার গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশ কানাডার মতো বন্ধুরাষ্ট্রের সহায়তা প্রত্যাশা করে।
অন্যদিকে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরাই রোহিঙ্গাদের শান্তিপূর্ণ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের প্রয়োজনীয়তার সঙ্গে একমত পোষণ করেন।
বৈঠকে রোহিঙ্গা সংকটের পাশাপাশি কারিগরি শিক্ষা, কৃষি উন্নয়ন, খাদ্য নিরাপত্তা, জলবায়ু অর্থায়ন ও দারিদ্র্য বিমোচনের বিষয়গুলোও গুরুত্ব পায়। এসব খাতে সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
BANGLA TODAY আজকের বাংলা