ডেস্ক রিপোর্ট- বাংলা টুডে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। সোমবার (৫ অক্টোবর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন থেকে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
মানববন্ধনে রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, জুলাই-পরবর্তী সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পেশিশক্তির রাজনীতির পুনরুত্থান হিসেবে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাকে দেখা যায়। যেসব ছাত্রদল নেতা শিক্ষার্থীদের হুমকি ও মারধরের সঙ্গে জড়িত, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘এই ঘটনা ঘটিয়ে তাঁরা ছাত্রলীগের মতো ক্যাম্পাসের শিক্ষার্থী ও সাংবাদিকদের নিজেদের শত্রুতে পরিণত করেছে।’ তিনি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রাকসু ভিপি। তাঁর অভিযোগ, এত বড় ঘটনা ঘটার পরও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি ছাত্রদলের নেতা-কর্মীদের মারধরের সিসিটিভি ফুটেজ মুছে ফেলার মাধ্যমে প্রশাসন তাঁদের মদদ দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
প্রশাসনের প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ক্যাম্পাসে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে না পারলে শিক্ষার্থীরা আবারও ১৬ জুলাইয়ের মতো পরিস্থিতিতে যেতে বাধ্য হবে। দ্রুত শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নিয়ে হামলায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।
মানববন্ধনে রাকসুর অন্যান্য নেতৃবৃন্দ বলেন, বিশ্ববিদ্যালয়ের মতো একটি শিক্ষাঙ্গনে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা মুক্ত সাংবাদিকতা ও নিরাপদ ক্যাম্পাস পরিবেশের জন্য উদ্বেগজনক।
তাঁরা হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপদে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
BANGLA TODAY আজকের বাংলা