বিশেষ প্রতিনিধি-বাংলা টুডে
ঢাবি ক্যাম্পাসে বহিরাগতদের বিরুদ্ধে অভিযোগ, তদন্তের আশ্বাস প্রক্টরের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে তিন ছাত্রীকে কটূক্তির অভিযোগ উঠেছে কয়েকজন বহিরাগত ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ করায় ছাত্র ইউনিয়নের কয়েকজন নেতা–কর্মীর ওপরও হামলা চালানোর অভিযোগ করেছে সংগঠনটি। ঘটনায় তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার রাত ৯টার দিকে রাজু ভাস্কর্যের সামনে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ওই তিন ছাত্রী। তাঁদের অভিযোগ, রিকশার জন্য অপেক্ষা করার সময় কয়েকজন বহিরাগত তাঁদের উদ্দেশে অশালীন ও কটূক্তিমূলক মন্তব্য করেন।
ঘটনার প্রতিবাদ করতে গেলে ঘটনাস্থলে থাকা ছাত্র ইউনিয়নের কয়েকজন নেতা–কর্মীর সঙ্গে ওই ব্যক্তিদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কি শুরু হলে আরও কয়েকজন সেখানে এসে ছাত্র ইউনিয়নের নেতা–কর্মীদের ওপর হামলা করেন বলে সংগঠনটির দাবি।
ছাত্র ইউনিয়নের ভাষ্য অনুযায়ী, হামলায় সংগঠনের তিন নেতা আহত হয়েছেন। তাঁদের মধ্যে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তাকিম রয়েছেন।
ঘটনার প্রতিবাদে বুধবার রাত ১১টার দিকে ছাত্র ইউনিয়নের নেতা–কর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করেন। পরে ভুক্তভোগী তিন ছাত্রী রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন।
অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন। তিনি বলেন, ঘটনাস্থলে থাকা ব্যক্তিদের এখনো শনাক্ত করা যায়নি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। আইনগত প্রক্রিয়া অনুসরণ করে ব্যবস্থা নেওয়া হবে এবং এ ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা দেখানোর সুযোগ নেই।
এদিকে ঘটনার সঙ্গে ছাত্রদলের মিছিলে অংশ নিতে আসা বহিরাগতদের সম্পৃক্ততার অভিযোগও উঠেছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, তাঁরা এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেননি। অভিযোগকারীরাও এখন পর্যন্ত প্রমাণ হিসেবে কোনো ভিডিও ফুটেজ দেননি বলে দাবি করেন তিনি।
নাহিদুজ্জামান শিপনের ভাষ্য, বর্তমানে অনেকেই ছাত্রদলের নাম ব্যবহার করছেন। কেউ ছাত্রদলের নাম ব্যবহার করে নিজেদের অপকর্ম অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে কি না, সেটিও তাঁরা খতিয়ে দেখছেন। ঘটনার সঙ্গে কারা জড়িত বা কারা ছাত্রদলের নাম ব্যবহার করেছে, তা দ্রুত শনাক্ত করতে প্রক্টর কার্যালয়কে অনুরোধ করা হয়েছে। প্রমাণ পাওয়া গেলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সংগঠনের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি তামজীদ হায়দার চঞ্চল ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। একই সঙ্গে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া, আহতদের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্যাম্পাসে বহিরাগতদের অনিয়ন্ত্রিত প্রবেশ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
ঘটনাটি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্তের ফল এবং অভিযুক্ত ব্যক্তিদের শনাক্তের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।





