ডেস্ক রিপোর্ট- বাংলা টুডে
জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামাল ও অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালসহ আটজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
প্রসিকিউশনের অভিযোগ, আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার ক্ষেত্রে আসামিদের কারও বিরুদ্ধে উসকানি, কারও বিরুদ্ধে ষড়যন্ত্র এবং প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতার ভূমিকার অভিযোগ রয়েছে। ১৬ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর রেজিস্ট্রার কার্যালয়ে এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ।
মামলায় মাকসুদ কামাল ও জাফর ইকবাল ছাড়াও আসামি করা হয়েছে সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন, নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির (শয়ন) এবং সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে।
প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনায় এসব অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউটর গাজী এম এইচ তামীম সাংবাদিকদের বলেন, হামলার ঘটনায় উসকানি, ষড়যন্ত্র ও সহযোগিতার অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।
আসামিদের মধ্যে শামসুদ্দিন চৌধুরী মানিক, আ ক ম জামাল উদ্দীন ও তানভীর হাসান সৈকত বর্তমানে কারাগারে রয়েছেন। অন্য আসামিদের পলাতক হিসেবে উল্লেখ করেছে প্রসিকিউশন।
BANGLA TODAY আজকের বাংলা