ডেঙ্গুর চাপ সামলাতে হাসপাতালে বাড়ছে শয্যা

ডেস্ক রিপোর্ট- বাংলা টুডে

ঢাকার হাসপাতালগুলোকে বিশেষ গুরুত্ব, চালু হতে পারে ঢাকা মেডিকেলের ফিল্ড হাসপাতাল

ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার হাসপাতালগুলোতে শয্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিশেষ করে রাজধানীর হাসপাতালগুলোতে রোগীর চাপ বেশি থাকায় সেখানে অতিরিক্ত শয্যার ব্যবস্থা করতে বলা হয়েছে। একই সঙ্গে ঢাকার বাইরের হাসপাতালগুলোকে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় গত রোববার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সার্বিক পরিস্থিতি পর্যালোচনা শেষে এসব নির্দেশনা দেওয়া হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক অধ্যাপক ডা. নুরুল ইসলাম বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় হাসপাতালগুলোতে শয্যা বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। রাজধানীর হাসপাতালগুলোকে এ ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ দেশের অন্যান্য এলাকার তুলনায় ঢাকায় ডেঙ্গু রোগীর চাপ বেশি।

তিনি বলেন, রোগীর সংখ্যা হাসপাতালের শয্যা সক্ষমতা ছাড়িয়ে গেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তিতে পড়তে হয়। সেই ভোগান্তি কমাতেই আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে।

চালু হতে পারে ঢাকা মেডিকেলের ফিল্ড হাসপাতাল

ডেঙ্গু রোগীর চাপ সামলাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে স্থাপিত ফিল্ড হাসপাতালটি চালুর বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী দ্রুত এটি চালু করা হতে পারে।

এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ কমাতে কিছু রোগীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তরের পরিকল্পনাও করা হচ্ছে। এর মাধ্যমে ঢাকা মেডিকেলে ডেঙ্গু রোগীদের জন্য অতিরিক্ত শয্যা ব্যবহারের সুযোগ তৈরি হবে।

মুগদা ও কুর্মিটোলায় বাড়ছে প্রস্তুতি

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালকে ডেঙ্গু রোগীদের জন্য আরও শয্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে রাজধানীর বাইরে থেকে আসা ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিবর্তে কুর্মিটোলা মাল্টিডিসিপ্লিনারি হাসপাতালকে প্রস্তুত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক বলেন, সংকটের সময় সরকারি হাসপাতাল থেকে রোগী ফিরিয়ে দেওয়া হয় না। তবে রোগীর সংখ্যা হাসপাতালের ধারণক্ষমতার চেয়ে বেড়ে গেলে চিকিৎসা নিতে আসা রোগীদের নানা ধরনের ভোগান্তিতে পড়তে হয়। সে কারণে ঢাকার বাইরের হাসপাতালগুলোকেও প্রস্তুত রাখা হচ্ছে।

৬ অক্টোবর পর্যন্ত মৃত্যু ২৮১

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৬ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০ হাজার ৩৫৬ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ২৮১ জনের।

মৃতদের মধ্যে পুরুষ ১৩২ জন এবং নারী ১৪৫ জন। আক্রান্তদের মধ্যে পুরুষের হার ৬২ দশমিক ৩ শতাংশ এবং নারী ৩৭ দশমিক ৭ শতাংশ।

বিভাগভিত্তিক হিসাবে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে—১২৭ জন। এ ছাড়া খুলনা বিভাগে ৫৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, বরিশালে ২৪ জন, ময়মনসিংহে ২৩ জন, রাজশাহীতে ১৯ জন, রংপুরে ৬ জন এবং সিলেটে ২ জনের মৃত্যু হয়েছে।

রোগীর চাপ সামাল দিতে আগাম শয্যা বাড়ানোর পাশাপাশি রাজধানী ও ঢাকার বাইরের হাসপাতালগুলোকে প্রস্তুত রাখার ওপর জোর দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সংশ্লিষ্টরা বলছেন, ডেঙ্গুর প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালগুলোর সক্ষমতা অনুযায়ী প্রস্তুতি নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ।

শেয়ার করুন :

Check Also

প্রাথমিকের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডের বেতন নির্ধারণ হবে আইবাস++-এ

ডেস্ক রিপোর্ট- বাংলা টুডে জিও জারির আগের বকেয়া পাবেন না, প্রায় ১০ মাস পর মিলল …