মাননীয় প্রধানমন্ত্রী- ফাইল ছবি

জাতিসংঘে বাংলায় ‘নতুন বাংলাদেশের’ বার্তা দেবেন তারেক রহমান

ডেস্ক রিপোর্ট-বাংলা টুডে

২৪ সেপ্টেম্বর ভাষণ, সফরসঙ্গী ৩৫; গুরুত্ব পাবে গণতন্ত্র, রোহিঙ্গা ও বৈশ্বিক সংকট

জাতিসংঘের বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন সরকারের অগ্রাধিকার ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলায় ভাষণ দেবেন তিনি। এটিই হবে জাতিসংঘের সর্বোচ্চ বৈশ্বিক মঞ্চে বর্তমান সরকারের প্রথম অংশগ্রহণ।

প্রধানমন্ত্রীর ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা, আইনের শাসন ও জবাবদিহি, বিশ্বশান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতার বিষয় গুরুত্ব পাবে। একই সঙ্গে আধুনিক প্রযুক্তির ন্যায়সংগত ব্যবহার ও বহুপক্ষীয় ব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরবেন তিনি।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের কর্মসূচি তুলে ধরেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। তিনি জানান, ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে তাঁর দেশে ফেরার উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে।

সফরসঙ্গী ৩৫ জন

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী। তাঁর সফরসঙ্গী হিসেবে থাকছেন ৩৫ জন। তাঁদের মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

এ ছাড়া বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব গোলাম মহিউদ্দিনও সফরসঙ্গী হিসেবে থাকছেন।

পাঁচ উচ্চপর্যায়ের বৈঠক

স্বল্প সময়ের এই সফরে জাতিসংঘ অধিবেশনের আনুষ্ঠানিক কর্মসূচির পাশাপাশি একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্রসচিবের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা ও সুশাসন প্রতিষ্ঠা এবং রোহিঙ্গা সংকটের সমাধানসহ গুরুত্বপূর্ণ বিষয়ে পাঁচটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

এ ছাড়া বাংলাদেশ সম্মেলনের ফাঁকে দুটি অনুষ্ঠানের আয়োজন করেছে। এসব আয়োজনে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু তুলে ধরা হবে।

ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ নিয়ে অনিশ্চয়তা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সাক্ষাৎ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব বলেন, বহুপক্ষীয় সফরের কর্মসূচিতে শেষ মুহূর্তে বিভিন্ন বিষয় যুক্ত বা বাদ পড়তে পারে। ফলে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য তিনি দেননি।

পররাষ্ট্রসচিব বলেন, জাতিসংঘের সর্বোচ্চ বৈশ্বিক মঞ্চে বর্তমান সরকারের জন্য এটিই প্রথম অংশগ্রহণ। এই সফরের মাধ্যমে বিশ্ববাসীর সামনে সরকারের রাজনৈতিক অঙ্গীকার ও ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা তুলে ধরার সুযোগ তৈরি হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবার জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। একই অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সভাপতির দায়িত্ব পালন করছেন। ফলে এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্য বহন করছে।

শেয়ার করুন :

Check Also

সিটিটিসির সাবেক প্রধানসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ডেস্ক রিপোর্ট-বাংলা টুডে গুম-হত্যার মামলা- সিটিটিসির সাবেক প্রধানসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা গুম, নির্যাতন …