চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর এক সাংবাদিককে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি, অশালীন ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে জহির আহমদের বিরুদ্ধে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৬-এ মামলা দায়ের করা হয়েছে। মামলাটি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৬ এ মামলাটি দায়ের করেন জাতীয় দৈনিক মুক্ত খবর-এর সিনিয়র রিপোর্টার সাদ্দাম হোসাইন। মামলাটির সিআর মামলা নং-৭১১/২০২৬। এতে দণ্ডবিধির ৫০০, ৫০১ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার আরজি সূত্রে জানা যায়, বিবাদী জহির আহমদের সঙ্গে বাদীর ভগ্নিপতির দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ১১ সেপ্টেম্বর অনুসন্ধানী প্রতিবেদনের কাজে কয়েকজন সহকর্মীকে সঙ্গে নিয়ে আনোয়ারা থানাধীন বরুমছড়া এলাকায় গেলে বিবাদী তাঁকে ও উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে অশালীন ভাষায় গালাগাল করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য ও পোস্ট করার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।
আরজিতে আরও বলা হয়, এর পরদিন ১২ সেপ্টেম্বর বিবাদী তাঁর ব্যবহৃত ‘Jahir Ahmed’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাদী ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে একটি পোস্ট করেন। বিবাদীর ওই ফেসবুক পোস্টে বাদী, তাঁর পিতা ও ভগ্নিপতিকে নিয়ে অশালীন, কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে।
বাদী দাবি করেন, এসব মিথ্যা ও কুরুচিপূর্ণ মন্তব্য ও পোস্টের কারণে তিনি এবং তাঁর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন, প্রতিবেশী, শুভাকাঙ্ক্ষী ও পেশাগত মহলে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন এবং তাঁদের সুনাম ক্ষুণ্ন হয়েছে। একইসঙ্গে বিবাদীর বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগও আনা হয়েছে মামলায়।
পরে এসব অভিযোগের প্রতিকার চেয়ে দণ্ডবিধির ৫০০, ৫০১ ও ৫০৬ ধারায় আদালতে মামলা করেন সাংবাদিক সাদ্দাম হোসাইন।
আদালত মামলাটি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
BANGLA TODAY আজকের বাংলা