চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি- সুবীর

চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানায় দায়ের হওয়া শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি মো. রফিকুল ইসলামকে (২৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

মঙ্গলবার (২১ জুলাই) র‍্যাব-৭-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ জুলাই) বিকেল ৫টা ১০ মিনিটে নগরের চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় অভিযান চালিয়ে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি বান্দরবান জেলার লামা উপজেলার কেয়াজু পাড়ার বাসিন্দা। গ্রেপ্তারের সময় তিনি চট্টগ্রাম নগরের বাহির সিগন্যাল বেপারীপাড়া শ্যামলী আবাসিক এলাকায় অবস্থিত মদিনা মনোয়ারা সুন্নিয়া মাদরাসা ও হেফজখানার হেফজ বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই মাদরাসার ১৩ বছর বয়সী এক শিক্ষার্থীকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময়ে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে রফিকুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, চলতি বছরের ২ জানুয়ারি থেকে ৯ জুলাই পর্যন্ত বিভিন্ন সময়ে শিশুটিকে নির্যাতন করা হয়। পরে ভুক্তভোগী বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তার মা বাদী হয়ে চান্দগাঁও থানায় মামলা দায়ের করেন।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, মামলার প্রধান আসামি চান্দগাঁও এলাকায় অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-৭।

শেয়ার করুন :

Check Also

ক্যান্সারের চিকিৎসা নিতে এসে রাত কাটে খোলা আকাশের নিচে

ডেস্ক নিউজ- বাংলা টুডে মেশিন সংকটে রেডিওথেরাপির দীর্ঘ অপেক্ষা, হাসপাতাল প্রাঙ্গণে রোগী-স্বজনের মানবেতর জীবন ঢাকার …