ডেস্ক রিপোর্ট-বাংলা টুডে
‘বিএনপি সরকার গঠনের পর পঞ্চম হামলা’ দাবি এনসিপির
কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও তাঁর গাড়িতে ভাঙচুরের ঘটনায় বিএনপিকে দায়ী করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ঘটনাটিকে পাটওয়ারীর ওপর ‘ধারাবাহিক হামলার’ অংশ হিসেবে উল্লেখ করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি।
রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম বলেন, বিএনপি সরকার গঠনের পর নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর এটি পঞ্চম হামলার ঘটনা। তিনি প্রশ্ন তোলেন, ‘একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা এতটা উন্মাদ হতে পারে?’
এর আগে রোববার সন্ধ্যায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়ি পরিদর্শনে যান নাসীরুদ্দীন পাটওয়ারী। সেখানে তাঁর ওপর ডিম নিক্ষেপ করা হয় এবং তাঁকে বহনকারী গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ তাঁকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
ঘটনার পর গাড়ি ভাঙচুরের চারটি ছবি ফেসবুকে পোস্ট করে নাহিদ ইসলাম অভিযোগ করেন, মাজারের ভেতরে প্রবেশ করে পাটওয়ারীসহ এনসিপির নেতা-কর্মীদের ওপর সশস্ত্র হামলা চালানো হয়েছে। তাঁর ভাষ্য, হামলাকারীরা বিএনপির নেতা-কর্মী।
নাহিদ ইসলাম বলেন, হামলাকারীদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। ভয়ভীতি বা দমন-পীড়নের মাধ্যমে নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে পাটওয়ারীর ওপর ‘ধারাবাহিক হামলার’ অভিযোগ তুলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এনসিপি। রোববার রাতে গণমাধ্যমে পাঠানো দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতার ওপর বারবার হামলা, হেনস্তা এবং তাঁর রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার ঘটনা কোনোভাবেই স্বাভাবিক রাজনৈতিক পরিবেশের লক্ষণ নয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তবে এর জবাব হামলা, ভয়ভীতি কিংবা সহিংসতার মাধ্যমে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর একের পর এক ঘটনার পুনরাবৃত্তি এখন গুরুতর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এনসিপি আরও বলেছে, প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। তা না হলে রাজনৈতিক সহিংসতার সংস্কৃতি আরও উৎসাহিত হওয়ার আশঙ্কা রয়েছে।
কুষ্টিয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি। একই সঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
এনসিপির ভাষ্য, কোনো রাজনৈতিক নেতা বা কর্মীকে হামলা, হেনস্তা কিংবা ভয়ভীতি দেখিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখা যাবে না। রাজনৈতিক সহিংসতা বন্ধ করে নাগরিকের রাজনৈতিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
BANGLA TODAY আজকের বাংলা