এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ১১ আগস্ট থেকে

চলবে ১৭ আগস্ট পর্যন্ত, প্রতি বিষয়ের ফি ১৫০ টাকা; আবেদন শুধু অনলাইনে

বিশেষ প্রতিনিধি- বাংলা টুডে

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পরদিন থেকেই ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। আগামী ১১ আগস্ট থেকে এ আবেদন শুরু হয়ে চলবে ১৭ আগস্ট পর্যন্ত। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের মাধ্যমে অনলাইনে এ আবেদন করতে হবে।

শনিবার (৮ আগস্ট) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর ফল প্রকাশের পর ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হবে। এ জন্য শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েব পোর্টালে গিয়ে আবেদন করতে হবে।

যেভাবে আবেদন করবেন

ফল পুনর্নিরীক্ষণের জন্য প্রথমে নির্ধারিত ওয়েব সাইট https://rescrutiny.eduboardresults.gov.bd গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর ড্রপডাউন মেনু থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে। পরবর্তী ধাপে একটি মোবাইল ফোন নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ হলে ওই নম্বরে এসএমএসের মাধ্যমে ফলাফল জানানো হবে।

এরপরের স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। এক বা একাধিক বিষয়ের ফল পুনর্নিরীক্ষণের জন্য সংশ্লিষ্ট বিষয় নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে।

প্রতিটি বিষয়ের জন্য ফি ১৫০ টাকা

পুনর্নিরীক্ষণের জন্য প্রতিটি পত্রে ১৫০ টাকা হারে ফি দিতে হবে। কোনো বিষয় দুই পত্রবিশিষ্ট হলে উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে। আবেদন করার পর পরবর্তী স্ক্রিনে মোট প্রদেয় ফিয়ের পরিমাণ দেখা যাবে।

ফি পরিশোধ করা যাবে বিকাশ, নগদ ও সোনালী সেবার মাধ্যমে। ফি পরিশোধের বিস্তারিত নির্দেশনা নির্ধারিত পোর্টামের ‘সহায়তা’ বাটন থেকে জানা যাবে।

ফি পরিশোধের পর আবেদন পোর্টালে ফিরে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। একবার ফি দিয়ে আবেদন জমা দেওয়ার পরও অতিরিক্ত কোনো বিষয় যুক্ত করতে চাইলে একই প্রক্রিয়ায় তা করা যাবে। তবে সেক্ষেত্রে নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।

ফি দেওয়ার আগে বিষয় পরিবর্তনের সুযোগ

আবেদন করার সময় কোনো বিষয় পরিবর্তন বা সংশোধনের প্রয়োজন হলে ফি পরিশোধের আগেই তা করা যাবে। এ ক্ষেত্রে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে যেসব বিষয়ের জন্য এখনো ফি দেওয়া হয়নি, সেগুলো প্রত্যাহার করে নতুন করে বিষয় নির্বাচন করা যাবে।

তবে একবার কোনো বিষয়ের ফি পরিশোধ করে আবেদন জমা দিলে সেটি আর বাতিল করা যাবে না। কোনো অবস্থাতেই পরিশোধ করা ফি ফেরত দেওয়া হবে না।

ম্যানুয়াল আবেদন নয়

শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, ফল পুনর্নিরীক্ষণের জন্য কোনো ধরনের ম্যানুয়াল আবেদন গ্রহণ করা হবে না। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন ও ফি পরিশোধ করতে হবে।

এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের জন্য তাই ১১ থেকে ১৭ আগস্টের মধ্যেই পুনর্নিরীক্ষণের আবেদন সম্পন্ন করতে হবে।

শেয়ার করুন :

Check Also

সংসদ সদস্যপদ বহাল কীভাবে, প্রশ্ন টিআইবির

মরিয়মের মৃত্যু ও ‘সেক্সটরশন’–কাণ্ডে প্রভাবমুক্ত তদন্তের দাবি নিজস্ব প্রতিবেদক- বাংলা টুডে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য …