বিশেষ প্রতিনিধি- সুবীর
চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার চার দিন পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মো. গিয়াস উদ্দিনকে (৩৪)’কে গত শনিবার (২৭ জুন) ভোর ৩টা ৫০ মিনিটের দিকে সাতকানিয়া উপজেলার মধ্যম দুরদুরী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত গিয়াস উদ্দিন (৩৪) আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের আবদুস ছোবাহানের ছেলে।
পুলিশ জানায়, ঘটনার পর থেকেই অভিযুক্তকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। অবশেষে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। পুলিশ আরো জানায়- গত ২২ জুন সকাল ১১টার দিকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে আনোয়ারা উপজেলার একটি এলাকায় সোহেল নামে এক যুবককে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান গিয়াস উদ্দিন।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রকাশ্য স্থানে এক যুবকের ওপর ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি হামলা চালানো হচ্ছে। ভিডিওটি ভাইরাল হলে স্থানীয়দের পাশাপাশি দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এ ঘটনায় আহত সোহেলের চাচা মো. বদিউল আলম বাদী হয়ে গিয়াস উদ্দিন ও তার বোন কহিনুর আক্তারকে আসামি করে আনোয়ারা থানায় মামলা দায়ের করেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান- গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। তিনি আরো জানান “ঘটনার সঙ্গে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।






