আইফোন ছিনিয়ে নিতে বাধা, প্রাণ গেল অপ্রতিমের বন্ধুত্বের আড়ালে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৪; মহাসড়ক অবরোধ কুবি শিক্ষার্থীদের

ডেস্ক রিপোর্ট-বাংলা টুডে

কুমিল্লায় কিশোর অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের দাবি, আইফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় অপ্রতিমকে হত্যা করা হয়েছে। হত্যার ঘটনায় এরই মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে পাওয়া তথ্য ও আলামত যাচাই করে হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা করছে পুলিশ।

অপ্রতিমের বাবা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন। দুই দফা জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।

সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়েছে এবং প্রয়োজনীয় আলামত জব্দ করেছে পুলিশ। আগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে অপ্রতিমের আগে থেকেই পরিচয় ছিল বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তাদের মধ্যে বন্ধুত্ব ও নিয়মিত ওঠাবসা ছিল। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাদের কিশোর অপরাধী চক্রের মতো মনে হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কিছুক্ষণ পর কুমিল্লায় সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। তিনি বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী, অপ্রতিম নিখোঁজ হওয়ার দিন বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে তাকে হত্যা করা হয়। আইফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়াই হত্যার কারণ বলে আটক ব্যক্তিরা তথ্য দিয়েছেন বলে দাবি পুলিশের।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের দৃশ্য

ঘটনাটিকে ঘিরে কুমিল্লায় ক্ষোভও ছড়িয়ে পড়েছে। অপ্রতিম হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। পরে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলে সড়কে যান চলাচল ব্যাহত হয়।

নিহত অপ্রতিম ছিল স্থানীয় বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক। জন্মের পর থেকেই কুমিল্লায় বেড়ে ওঠা এই কিশোরের এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয়দের মধ্যেও তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।

পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্য ও জব্দ করা আলামত যাচাই করা হচ্ছে। তদন্তের অগ্রগতির সঙ্গে হত্যাকাণ্ডে কার কী ভূমিকা ছিল, তা আরও স্পষ্ট হবে।

শেয়ার করুন :

Check Also

বাসা থেকে ডেকে বের করে তরুণীকে ছুরিকাঘাতে হত্যা

ডেস্ক রিপোর্ট-বাংলা টুডে প্রকাশ্যে হামলার পর পালাল যুবক, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু গাজীপুরের কোনাবাড়ীতে ভাড়া …