ডেস্ক রিপোর্ট- বাংলা টুডে
সকাল সাড়ে ৯টায় প্রধান বিচারপতির সঙ্গে আইনজীবীদের সৌজন্য সাক্ষাৎ
চলমান অবকাশকালীন ছুটি শেষে আগামী ২৫ অক্টোবর রোববার থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিয়মিত কার্যক্রম শুরু হচ্ছে। ওই দিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অবকাশকালীন ছুটি শেষে ২৫ অক্টোবর সুপ্রিম কোর্টের প্রথম কার্যদিবস নির্ধারণ করা হয়েছে। এদিন সুপ্রিম কোর্টের ‘ইনার কোর্ট ইয়ার্ডে’ প্রধান বিচারপতি ও আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিরা সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।
এ সময় অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং অন্যান্য আইনজীবী উপস্থিত থাকবেন।
সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি ও আইনজীবীদের এ সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে অবকাশকালীন ছুটি-পরবর্তী কার্যক্রম শুরু হবে।





