চিত্রনায়িকা শাবনূরকে নিয়ে এক ব্যক্তির দেওয়া প্রেম, বিয়ে ও সালমান শাহকে ঘিরে নানা বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। রিজভী আহমেদ নামের ওই ব্যক্তি সম্প্রতি আরজে নীরব ও সময় টিভিকে দেওয়া পৃথক সাক্ষাৎকারে শাবনূরের সঙ্গে প্রেম ও বিয়ের দাবি করেন। তবে এসব বক্তব্যকে সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন ও পরস্পরবিরোধী বলে দাবি করেছেন শাবনূর।
নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে রিজভীর বক্তব্যের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরেন তিনি।
শাবনূর জানান, আরজে নীরবকে দেওয়া সাক্ষাৎকারে রিজভী দাবি করেন, তিনি শাবনূরকে ভালোবাসতেন এবং তাকে বিয়ে করতে চেয়েছিলেন। অথচ প্রায় একই সময়ে সময় টিভিকে দেওয়া সাক্ষাৎকারে ওই ব্যক্তিই শাবনূরকে তার ‘সাবেক প্রেমিকা’ হিসেবে দাবি করেছেন। একই ব্যক্তির এমন দুই ধরনের বক্তব্যে বিস্ময় প্রকাশ করেন অভিনেত্রী।
রিজভী ২০১৬ সালে শাবনূরের সঙ্গে তার বিয়ে এবং ২০১৮ সালে বিচ্ছেদ হয়েছে বলেও দাবি করেছেন বলে জানান শাবনূর। তবে এই দাবিকে সরাসরি মিথ্যা উল্লেখ করে তিনি প্রশ্ন তুলেছেন, কথিত বিয়েটি কোথায় এবং কীভাবে হয়েছিল।
শাবনূরের ভাষ্য, রিজভী দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন বলে তিনি জানেন। কিন্তু ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে তিনি নিজে যুক্তরাজ্যে যাননি। ফলে ওই সময়ে তাদের বিয়ে হওয়ার দাবির কোনো বাস্তব ভিত্তি নেই বলেও মনে করেন তিনি।
শুধু তাই নয়, রিজভীর সঙ্গে তার কখনো কোনো প্রেম বা ব্যক্তিগত সম্পর্ক ছিল না এবং তাকে তিনি ব্যক্তিগতভাবেও চেনেন না বলে দাবি করেছেন শাবনূর।
রিজভীর বিয়ের দাবি নিয়ে অনেকটা রসিকতার সুরে শাবনূর বলেন, তার এসব বক্তব্য শুনে মনে হচ্ছে, বাস্তবে তার সঙ্গে কোনো বিয়ে নয়, হয়তো শুধু ‘স্বপ্নের বাসর’ই হয়েছিল।
সালমান শাহকে ঘিরেও অভিযোগ
রিজভীর বক্তব্যে প্রয়াত চিত্রনায়ক সালমান শাহকে ঘিরে শাবনূরের বিরুদ্ধে অভিযোগ তোলার বিষয়টিও উল্লেখ করেছেন অভিনেত্রী।
শাবনূরের দাবি, রিজভী তাকে সালমান শাহকে ব্ল্যাকমেল করার জন্য দায়ী করেছেন এবং এমনকি সালমান শাহর মৃত্যুর সঙ্গেও তাকে জড়ানোর চেষ্টা করেছেন। এসব অভিযোগ সরাসরি অস্বীকার করে তিনি প্রশ্ন তুলেছেন—কীভাবে এবং কোন ভিত্তিতে রিজভী তাকে সালমান শাহকে ব্ল্যাকমেল করার জন্য দায়ী করছেন?
সালমান শাহর সঙ্গে তার সম্পর্ক নিয়ে ‘কূটনামি’ বা একজনের কথা অন্যজনের কাছে লাগানোর অভিযোগও ভিত্তিহীন বলে দাবি করেন শাবনূর। এ ধরনের আচরণ তার স্বভাবের মধ্যে কখনোই ছিল না বলেও জানান তিনি।
সালমান শাহ – সংগৃহীত ছবি
‘একই ঘটনায় এত ভিন্ন বক্তব্য কেন?’
রিজভীর অতীতের বক্তব্যের প্রসঙ্গও নিজের পোস্টে তুলে ধরেছেন শাবনূর। তার দাবি অনুযায়ী, সালমান শাহর মৃত্যুকে একসময় পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দাবি করেছিলেন রিজভী এবং এ ঘটনায় রাজসাক্ষী হওয়ার কথাও বলেছিলেন তিনি। পরে দেশত্যাগ করে যুক্তরাজ্যে চলে যান বলে উল্লেখ করেন শাবনূর।
তবে অভিনেত্রীর দাবি, সালমান শাহর মৃত্যুর প্রায় ২৯ বছর পর দেওয়া সাম্প্রতিক দুটি পৃথক সাক্ষাৎকারে রিজভী আবার দাবি করেছেন, এটি হত্যা নয়, আত্মহত্যা ছিল। একই সঙ্গে সালমান শাহর মা নীলা চৌধুরীকেও তার মৃত্যুর জন্য দায়ী করেছেন বলে উল্লেখ করেন শাবনূর।
এ ধরনের পরস্পরবিরোধী বক্তব্য নিয়েই প্রশ্ন তুলেছেন অভিনেত্রী। তার মতে, একই ব্যক্তি একটি ঘটনাকে কখনো হত্যাকাণ্ড, আবার কখনো আত্মহত্যা হিসেবে দাবি করলে স্বাভাবিকভাবেই তার বক্তব্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে।
শাবনূর তার বিরুদ্ধে ওঠা প্রেম, বিয়ে এবং সালমান শাহকে ঘিরে সব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। একই সঙ্গে এসব বক্তব্যের পেছনে কোনো বাস্তব প্রমাণ আছে কি না, সে প্রশ্নও তুলেছেন তিনি।
এদিকে শাবনূরের এই বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভক্তদের অনেকেই অভিনেত্রীর পাশে থাকার কথা জানিয়েছেন। কেউ তাকে নিজের অবস্থান পরিষ্কার করার জন্য ধন্যবাদ জানিয়েছেন, আবার কেউ মন্তব্য করেছেন—সত্য শেষ পর্যন্ত প্রকাশ্যে আসবেই।






