বিশেষ প্রতিনিধি- সুবীর পাল
চারটি মাছ ধরার বোট আটক, জব্দ ইলিশ বিতরণ ২৫ এতিমখানায়
চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলে মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান চালিয়ে ৭ টন ইলিশ জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকারের অভিযোগে চারটি মাছ ধরার বোট আটক করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ৩ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার দিবাগত রাত দুইটার দিকে উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহর নেতৃত্বে এবং কোস্টগার্ডের সহযোগিতায় সাগরে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, জব্দ করা প্রায় ৭ টন ইলিশ পরে সীতাকুণ্ডের ২৫টি স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
জাতীয় মাছ ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ নিষেধাজ্ঞা কার্যকর করতে উপকূলীয় এলাকায় নজরদারি বাড়িয়েছে মৎস্য অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ বলেন, মা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে। নিষেধাজ্ঞার সময়ে সাগরে অবৈধভাবে মাছ শিকার করতে দেওয়া হবে না। সরকারি নির্দেশনা বাস্তবায়নে মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড কঠোর অবস্থানে রয়েছে।
তিনি আরও জানান, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার বন্ধ এবং ইলিশের প্রজনন সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
BANGLA TODAY আজকের বাংলা