মো. কলিম উল্লাহ
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দক্ষিণ সাতকানিয়া সরকারি গোলাম বারী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আজ শুক্রবার সকাল ১০টায় বন্যাদুর্গত ও অসহায় মানুষের জন্য একদিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে এবং আমিরাবাদের কৃতিসন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব মোস্তাক আহমদ চৌধুরীর সার্বিক সহযোগিতায় এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।
এ সময় আলহাজ্ব মোস্তাক আহমদ চৌধুরী বলেন, “বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বন্যার সময় চাল, ডালসহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি অসংখ্য পানিবন্দি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছি। বর্তমানে বন্যা-পরবর্তী সময়ে বিভিন্ন রোগব্যাধির প্রকোপ বেড়ে যাওয়ায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।”
চিকিৎসা ক্যাম্পে চট্টগ্রাম থেকে আগত তিনজন অভিজ্ঞ চিকিৎসক রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করেন। তারা হলেন—
ডা. জোবায়দা নাছরিন নিকাশ, এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), সহকারী সার্জন, আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বান্দরবান।
ডা. মো. মুবিনুল ইসলাম, এমবিবিএস, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ; লোহাগাড়া মা মনি হাসপাতাল লিমিটেড।
ডা. যীশু নাথ, এমবিবিএস (সিইউ), পিজিটি; নবজাতক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ, সাউন্ড হেলথ হাসপাতাল লিমিটেড।
চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের ব্লাড সুগার (ডায়াবেটিস) পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, বিভিন্ন প্রয়োজনীয় ব্লাড টেস্ট এবং বিনামূল্যে ওষুধ বিতরণের ব্যবস্থাও করা হয়।
স্থানীয় শতাধিক বন্যাদুর্গত ও সুবিধাবঞ্চিত মানুষ এ ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসাসেবা গ্রহণ করেন। মানবিক এ উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানিয়ে আয়োজক ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Check Also
ক্যান্সারের চিকিৎসা নিতে এসে রাত কাটে খোলা আকাশের নিচে
ডেস্ক নিউজ- বাংলা টুডে মেশিন সংকটে রেডিওথেরাপির দীর্ঘ অপেক্ষা, হাসপাতাল প্রাঙ্গণে রোগী-স্বজনের মানবেতর জীবন ঢাকার …
BANGLA TODAY আজকের বাংলা