নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা
রাজধানীর পশ্চিম রামপুরায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার নিরাপত্তাকর্মী রাসেল মৃধাকে তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই জাহাঙ্গীর আলম আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী জহির হোসেন রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসিকিউশন বিভাগের এসআই মারুফ রেজা আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে পশ্চিম রামপুরার বাসা থেকে খেলতে যাওয়ার কথা বলে বের হয় ছয় বছরের শিশুটি। পরে সে আর বাসায় ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। রাত সাড়ে ১১টার দিকে বাসার পাশের একটি নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা স্থানে জমে থাকা পানির মধ্যে উপুড় অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় ২৫ ফেব্রুয়ারি শিশুটির বাবা হাতিরঝিল থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় প্রথমে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় নিরাপত্তাকর্মী রাসেল মৃধাকে আটক করে পুলিশ। পরে তদন্তের অগ্রগতির ভিত্তিতে তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আদালতের অনুমতিক্রমে গত ৫ মার্চ প্রথম দফায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
পরে ময়নাতদন্ত ও ভিসেরা প্রতিবেদন হাতে পাওয়ার পর মামলার তদন্ত কর্মকর্তা পুনরায় রিমান্ডের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, ময়নাতদন্ত ও ভিসেরা প্রতিবেদনে দেখা গেছে, শিশুটিকে পানিতে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। একই সঙ্গে হত্যার আগে তাকে ধর্ষণের আলামতও পাওয়া গেছে।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই জাহাঙ্গীর আলম জানান, ময়নাতদন্তের প্রতিবেদনে গুরুত্বপূর্ণ নতুন তথ্য উঠে আসায় আসামিকে পুনরায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয়েছে। আদালত সেই আবেদন আংশিক মঞ্জুর করে তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন।






