মোঃকলিম উল্লাহ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নে জায়গা-জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মাওলানা আবুল কাসেম (৫৯) নামে এক মাদ্রাসা সুপার নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৩ মে) সকাল ১১টার দিকে জান মোহাম্মদ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আবুল কাসেম চরম্বা জামেউল উলুম মাদ্রাসার সুপার ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিরোধপূর্ণ জায়গায় নির্মাণকাজে বাধা দিতে গেলে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন তিনি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশ সমশুল ইসলাম (৩৮) নামে একজনকে আটক করেছে। আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।





